INDvsENG: যশস্বীর দুর্দান্ত সেঞ্চুরি, টেস্টের প্রথম দিনে ভারতের বড় সাফল্য

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এই দিনে ভারত ৯৩ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে। ওপেনার যশস্বী জসওয়াল অপরাজিত ১৭৯ রান করে দিনের শেষে ক্রিজে রয়েছেন।
যশস্বী ২৫৭ বলে ১৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৭৯ রান করেছেন। দ্বিতীয় দিনেও তিনি ভারতীয় ইনিংসের নেতৃত্ব দেবেন।
দিনের শেষ সেশনে ভারত তিন উইকেট হারিয়ে ১১১ রান তোলে। অভিষেক হওয়া রজত পতিদার ৩২ রান করে আউট হয়েছেন। এছাড়াও দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল ২৭ রান করে সাজঘরে ফেরেন। কে এস ভরত ১৭ রান করে আউট হন।
দিনের শেষের পরে যশস্বী জসওয়াল বলেছেন, “আমি আমার এই ইনিংসটি সেশন প্রতি সেশনে খেলতে চেয়েছিলাম। যখন তারা ভালো বোলিং করছিল, আমি কেবল সেই স্পেল গুলোকে কাটিয়ে দিতে চেয়েছিলাম।”
ভাইজাগের পিচ নিয়ে কথা বলতে গিয়ে যশস্বী বলেন, “পিচটি কিছুটা ভিন্নভাবে খেলেছিল, সকালে এটা কিছুটা স্যাঁতসেঁতে ছিল এবং তারপরে এটি ঠিক হয়ে যায়। এই পিচে পুরোনো বল গুলো কিছুটা বাউন্স করছিল।”
দলের কোচ ও অধিনায়কের কথা বলতে গিয়ে ভারতের তরুণ ওপেনার আরও বলেন, “রাহুল স্যার ও রোহিত ভাই আমাকে আত্মবিশ্বাস দিতে থাকেন এবং বলেন, এই ইনিংসকে বড় ইনিংসে রূপান্তরিত করতে এবং শেষ পর্যন্ত টিকে থাকতে।”
এই ম্যাচে যশস্বী জসওয়ালের শতরানের সুবাদে প্রথম ইনিংসে বড় রানের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। এদিনের ম্যাচে যশস্বী বাদে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছে।