‘তখন তৃণমূল তো শিশু ছিল, আমি কি তার দায়িত্ব নেব?’ মোদীকে ‘কড়া’ চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার থেকে রাজ্যের বকেয়া কেন্দ্রীয় তহবিলের দাবিতে ধরনা শুরু করেছেন। কেন্দ্র ও রাজ্য আধিকারিক পর্যায়ে বৈঠক করেও সমাধান না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে ক্যাগ রিপোর্ট তুলে ধরে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ক্যাগ রিপোর্ট কে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, ক্যাগ রিপোর্টে ২০০৩ সালের হিসাব চাওয়া হয়েছে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না। তিনি প্রশ্ন তুলেছেন, “তখন তৃণমূল তো শিশু ছিল, আমি কি তার দায়িত্ব নেব?”
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি কড়া চিঠি দিয়েছেন বলে জানান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, পূর্ববর্তী সময়ে কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া বাকি নেই।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব হিসেব দিয়েছি। তৃণমূল তাহলে চোর? আমরা তোমরা সবাই সাধু? কেন্দ্র তো সব বিভাগেই ৩০ শতাংশ করে কমিশন নিচ্ছে।”
মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৩ তারিখ পর্যন্ত ধরনা কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শনিবার পর্যন্ত তিনি নিজে এই ধরনা কর্মসূচিতে থাকবেন। এরপর তৃণমূলের অন্যান্য শাখা সংগঠন এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাবে।