জামিনের আবেদন খারিজ হেমন্তের, হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জমি দুর্নীতির সঙ্গে জড়িত তহবিল তছরুপের মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জামিনের আবেদন করেছিলেন তিনি।
শুক্রবার, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এমএম সুরেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে শুনানি হয়। শুনানির শুরুতেই কেন হাইকোর্টে আবেদন করা হয়নি, তা জানতে চেয়েছিল আদালত।
হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন যে, তার মক্কেল রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাই এই মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন।
কিন্তু আদালত স্পষ্ট করে জানায় যে, সকলের কাছে আইন সমান। সুবিধা দেওয়া হলে তা সকলের জন্য প্রযোজ্য হবে, যা সম্ভব নয়।
এরই পাশাপাশি উচ্চ আদালতের সাংবিধানিক ক্ষমতার উপর হস্তক্ষেপ না করার নীতির কথাও উল্লেখ করে হাইকোর্টে আবেদনের পরামর্শ দেওয়া হয়।
প্রসঙ্গত, জমি দুর্নীতি মামলায় এর আগেও রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন। সেই সময়ও হাইকোর্টে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছিল।
ইডির গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছিল ঝাড়খণ্ডের উচ্চ আদালত। এরপরেই হেমন্ত সোরেনের গ্রেফতারি হয়।
বর্তমানে হেমন্ত সোরেন একদিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।