বিষ প্রয়োগের সন্দেহ! হাঁসের মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্ত

হুগলির চুঁচুড়ায় পোষ্য হাঁসের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শনিবার তিনটি হাঁস হঠাৎ মারা যাওয়ার পর মৃত হাঁসগুলির ময়নাতদন্তের জন্য কলকাতার স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
মৃত হাঁসের মালিক ইতি বিশ্বাস জানান, তিনি ১০টি হাঁস পালন করেন। শনিবার সকালে হাঁসগুলিকে খাবার দেওয়ার পর তিনি বাইরে যান। দুপুরে ফিরে এসে দেখেন তিনটি হাঁস অসুস্থ হয়ে পড়েছে। কিছুক্ষণ পর তারা মারা যায়।
ইতি জানান, হাঁসগুলিকে তিনি নিজেই খাবার দেন। তিনি কোনও বিষক্রিয়া ঘটানোর সম্ভাবনা মনে করেন না। তিনি ধারণা করেন, কেউ ইচ্ছাকৃতভাবে হাঁসগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে।
বিষয়টি নিয়ে ইতি স্থানীয় পুলিশ ও পশু হাসপাতালে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পশু হাসপাতাল ময়নাতদন্তের জন্য পুলিশের অভিযোগ পত্রের প্রয়োজন বলে জানায়।
অবশেষে বুধবার হুগলি জেলা পরিষদের মৎস ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর হস্তক্ষেপে মৃত হাঁসগুলির ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়।
কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, “একজন অসহায় মহিলার তিনটে হাঁস মারা গিয়েছে। আইনের কচকচানিতে তিন দিন ধরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ময়নাতদন্তের জন্য জেলা প্রাণিসম্পদ দফতরের সেই পরিকাঠামো নেই। তিনটে হাঁসেরই ময়নাতদন্ত করা হবে। তবে কলকাতার স্টেট ফরেন্সিক ল্যাবরেটারিতে পাঠানো হবে। এরপরেই তিনি বুঝতে পারবেন তার হাঁসগুলোকে সত্যিই বিষ প্রয়োগ করে মারা হয়েছিল কি না।”
ময়নাতদন্তের রিপোর্ট পেলেই হাঁসের মৃত্যুর রহস্য উদঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।