খেতে দেওয়া হয় এঁটো বিরিয়ানি! প্রতিবাদ করায় শিশুকে মারধর, গ্রেফতার দোকানের ২ কর্মী

শীতের সন্ধ্যায় বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছিল একটি ছোট্ট শিশুর। বাড়িতে কিছু না জানিয়ে পাড়ায় দোকানে যায় সে। দোকানে কর্মরতদের কাছে বিরিয়ানি খেতে চায় সে। এরপর তাঁকে এঁটো বিরিয়ানি খেতে দেয় দোকানিরা। শিশুটি সেটা বুঝতে পেরে চিৎকার চেঁচামিচি শুরু করে দেয়। এরপরই দোকানের দুই ব্যক্তি তাকে মারধর শুরু করে। ছোট্ট শিশুকে কিল, চড়, ঘুষি মারা হয়। গুরুতর আহত হয় শিশুটি।
ঘটনাটি লক্ষ্য করেন এক ট্রাফিক পুলিশ আধিকারিক। তিনি ছুটে গিয়ে ওই শিশুকে উদ্ধার করেন। পরে শিশুটিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। দুজনেই মদ্যপ অবস্থায় ছিল বলে জানতে পারা গিয়েছে। জানা গিয়েছে, আহত শিশুটির বাড়িতে বাবা – মা নেই। বাড়িতে দুই দিদির সঙ্গে থাকে সে। শিশুটিকে পরে স্থানীয় একটি হোমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ।
পুলিশ পরে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃত দুই ব্যাক্তি স্বীকার করে নিয়েছে, তাঁরা শিশুটিকে এঁটো খবর খেতে দিয়েছিল। বুধবার ধৃত দুজনকে আদালতে তোলা হয়েছে।
শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক মধুমিতা দাস ঘটনাস্থলে যান। তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। শিশুদের সঙ্গে এমন আচরণ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
বিরিয়ানির দোকানের মালিক জানিয়েছেন, তিনি এই ঘটনার সময় ছিলেন না। তিনি এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করেন না বলে জানিয়েছেন। তাঁর দোকানের দুই কর্মী এই ঘটনা ঘটানোয় দুঃখ প্রকাশ করেন তিনি।