‘আমার গাড়ির ড্রাইভার বুদ্ধিমানের মতো কাজ করে ব্রেক কষেছে’, দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে চোট পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে গোদার মাঠে প্রশাসনিক সভা শেষে গাড়িতে ফিরছিলেন তিনি। জিটি রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে চলে আসে। এতে মুখ্যমন্ত্রীর গাড়ির চালককে জোরে ব্রেক কষতে হয়। সেই ব্রেক কষার ফলে মুখ্যমন্ত্রীর কপালে চোট লাগে।

মুখ্যমন্ত্রী নিজেই জানান, গাড়িটা খুব জোরে ব্রেক কষেছিল। ঠিক সময় ব্রেক না দিলে আজ হয়তো মরেই যেতাম। কপালে চোট লাগে তাঁর। এখনও তাঁর কিছুটা যন্ত্রণা রয়েছে। গা বমি ভাব রয়েছে। ঠাণ্ডা লাগছে। তবে চালকের কারণে তিনি বড় বিপদ থেকে বেঁচেছেন বলেও উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা গাড়িটিকে দেখতে পাইনি। একটি গাড়ি দুশো কিমি স্পিডে যাচ্ছিল। আমি তো মরেই যেতাম। আমার গাড়ির ড্রাইভার বুদ্ধিমানের মতো কাজ করে ব্রেক কষেছে। আমি যেহেতু লোকের সঙ্গে কথা বলি, তাই গাড়ির কাঁধ খোলা ছিল। কাঁচ খোলা না থাকলে চুরমার হয়ে যেত। মানুষের আশীর্বাদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।”

তবে এই ঘটনার পেছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে? মুখ্যমন্ত্রী জানান, না এরকম কোনও বিষয় নেই। গাড়ি গুলি কোনও সময় ভুল ভাবে চালানো হয়। তিনি বলেন, “আমার মনে হয় এটা পুলিশ তদন্ত করে দেখুক। এর আগে আমি কোনও মন্তব্য করতে চাই না।”

বর্ধমান থেকে ফিরেই এদিন রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেই বেরিয়েই তিনি জানান, তাঁর গা বমি করছে, কপালে চোটের কারণে কিছুটা যন্ত্রণা রয়েছে।