দলের বৈঠকে গরহাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেকের অনুপস্থিতির কারণ জানালেন মমতা

লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠক চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কালীঘাটে বীরভূম জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন মমতা। তবে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেকের কিছু নথি সংক্রান্ত কাজ রয়েছে। ড্রাফটিং সই করার কাজ আছে বলেই অভিষেক বৈঠকে আসেননি বলে জানান নেত্রী।
বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের ব্যাটন হাতে ছিল অনুব্রত মণ্ডলের। বর্তমানে তিনি তিহাড় জেলে। মমতার প্রিয় কেষ্টর জেলা যাত্রার পর থেকেই জেলায় নতুন সভাপতি নিয়োগ করেননি মমতা। কিছুদিন আগেই জেলায় তৃণমূলের কর্ম পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় নয়জনের একটি কমিটির কাঁধে। তবে এদিন দল পরিচালনার কমিটিকে আরও ছোট করে আনেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা নির্বাচন পরিচালনা, প্রচার সহ যাবতীয় কর্মকাণ্ড দেখার জন্য পঞ্চপাণ্ডব বেছে নেন মমতা।
উল্লেখ্য, এই কোর কমিটি থেকে বাদ গিয়েছে কাজল শেখের নাম। অনুব্রত পর্ব অতীত হওয়ার পর থেকেই কাজলের দায়িত্ব বেড়েছিল জেলায়। কাজল শেখকে জেলা পরিষদের সভাধিপতি করাও হয়। কিন্তু, নির্বাচনী কমিটি থেকে বাদ যায় তাঁর নাম। যদিও, এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলা নেতৃত্বরা।
এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমসহ জেলার শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে তৃণমূলের নির্বাচনী প্রচার, জনসংযোগ, দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।