রাম মন্দির উদ্বোধনের জন্য বন্ধ AIIMS! তীব্র নিন্দার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার কর্তৃপক্ষের

অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন অর্থাৎ ২২ জানুয়ারি দিল্লির সবচেয়ে বড় সরকারি হাসপাতাল AIIMS অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার করে।

শনিবার দিল্লির আম আদমি পার্টি সরকারের তরফে ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়। এরপরই প্রকাশ্যে আসে AIIMS-এর নির্দেশিকা। যেখানে বলা হয়, সেইদিন দুপুর আড়াইটে পর্যন্ত AIIMS দিল্লিরও ঝাঁপ বন্ধ থাকবে। সমস্ত ইউনিটের প্রধান, বিভাগের প্রধান এবং ব্রাঞ্চ অফিসের আধিকারিকদের দুপুর আড়াইটে পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়।

এই সিদ্ধান্তের জেরে বহু রোগীকে ফিরে যেতে হবে বলে আশঙ্কা করা হয়। তৃণমূল, কংগ্রেস এবং শিবসেনা সহ বিরোধী রাজনৈতিক দলগুলি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে।

রবিবার AIIMS কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানায় যে, ২২ জানুয়ারি OPD-তে দেখানোর জন্য যে নির্দিষ্ট সময় রয়েছে তা পরিবর্তিত হচ্ছে না। অর্থাৎ OPD-তে রোগীরা হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা পাবেন। যে সমস্ত রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেগুলিরও কোনও পরিবর্তন হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয় যে, শুধুমাত্র দুপুর আড়াইটের পর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি বিভাগ খোলা থাকবে।

AIIMS কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে বহু রোগীর দুর্ভোগের হাত থেকে রক্ষা হল।