Ram Mandir: মিলবে না চিকিৎসা পরিষেবা, রাম মন্দির উদ্বোধনের দিন হাফ ছুটি AIIMS-এর

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন দেশের সবচেয়ে বড় সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল AIIMS-এ অর্ধদিবস ছুটি থাকবে। সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতাল বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে নানা মহলে।
দিল্লির আম আদমি পার্টি সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই সমস্ত ইউনিটের প্রধান, বিভাগের প্রধান এবং ব্রাঞ্চ অফিসের আধিকারিকদের দুপুর আড়াইটে পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের সবচেয়ে ব্যস্ততম সরকারি হাসপাতালে আধবেলা ছুটির জেরে বহু রোগীকে ফিরে যেতে হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে চিকিৎসা পরিষেবা না মিললে অসুস্থ অনেকেই সমস্যা পড়তে পারেন বলে আশঙ্কা।
এদিকে, কেন্দ্রের BJP সরকারও রাম মন্দির উদ্বোধনের দিন সমস্ত সরকারি দফতর, সরকারি স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে। স্কুল-কলেজে ছুটি থাকবে উত্তর প্রদেশেও। মহারাষ্ট্র সরকার ২২ জানুয়ারি সম্পূর্ণ সরকারি ছুটির ঘোষণা করেছে।
CPIM-এর পলিটব্যুরোর তরফে এই অর্ধদিবস সরকারি ছুটির তীব্র সমালোচনা করা হয়েছে। সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিতেও অস্বীকার করেছেন।
কংগ্রেসও এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা এই অনুষ্ঠানে যাচ্ছেন না। তারা এই ইভেন্টকে BJP-RSS-এর অনুষ্ঠান বলে উল্লেখ করেছেন। রাহুল গান্ধীর মতে, এটি কেবলমাত্র নরেন্দ্র মোদীর ফাংশন।
মমতা বন্দ্যোপাধ্যায়ও রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এই অনুষ্ঠানকে লোকসভা ভোটের আগে BJP-র পলিটিক্যাল গিমিক বলে কটাক্ষ করেছেন। ওই দিন তিনি কলকাতা শহরে একটি সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন।