BigNews: এক দেশ এক নির্বাচন কবে থেকে সম্ভব? জানাল নির্বাচন কমিশন

নরেন্দ্র মোদী সরকারের এক দেশ, এক নির্বাচনের পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, প্রতি ১৫ বছরে নতুন ইলেট্রনিক ভোট মেশিন কেনার জন্য ১০ হাজার কোটি টাকা খরচ হবে।

নির্বাচন কমিশন সরকারকে লেখা চিঠিতে জানিয়েছে, একটি ইভিএম ১৫ বছর পর্যন্ত কার্যকর থাকে। সেক্ষেত্রে এক সেট ইভিএম দিয়ে তিনটি লোকসভা নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। তবে এক দেশ, এক নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি ইভিএম লাগবে। কারণ, তখন লোকসভা এবং বিধানসভার জন্য আলাদা আলাদা ইভিএম লাগবে।

কমিশনের হিসাব অনুযায়ী, এক দেশ, এক নির্বাচনের জন্য প্রয়োজন হবে ৪৬ লক্ষ ৭৫ হাজার ১০০টি ব্যালট ইউনিট, ৩৩ লক্ষ ৬৩ হাজার ৩০০টি কন্ট্রোল ইউনিট এবং ৩৬ লক্ষ ৬২ হাজার ৬০০টি ভিভিপ্যাট মেশিন। প্রতিটি ব্যালট ইউনিট কিনতে খরচ পড়বে ৭ হাজার ৯০০ টাকা, কন্ট্রোল ইউনিট ৯ হাজার ৮০০ টাকা এবং ভিভিপ্যাট মেশিন ১৬ হাজার টাকা।

এই হিসাবে দেখা যাচ্ছে, এক দেশ, এক নির্বাচনের জন্য প্রতি ১৫ বছরে মোট খরচ হবে ১০ হাজার কোটি টাকা।

বিরোধী দলগুলি এক দেশ, এক নির্বাচনের খরচ নিয়ে আপত্তি জানিয়ে আসছে। তারা বলছে, এই পরিমাণ অর্থ খরচ করে নির্বাচন করা দেশের জন্য বোঝা হবে।

এদিকে, নির্বাচন কমিশন বলেছে, সুষ্ঠুভাবে এক দেশ, এক নির্বাচন করতে হলে ২০২৯ সালের আগে সম্ভব নয়। কারণ, তার আগে সংবিধান সংশোধন করতে হবে।