জার্মানি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? রাশিয়ার হুমকিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও যুদ্ধের কোনও সমাধানের লক্ষণ নেই। বরং যুদ্ধের তীব্রতা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে জার্মানিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
জার্মান সংবাদপত্র বিল্ডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া এখন ইউক্রেনে সীমাবদ্ধ থাকছে না। ন্যাটো অন্তর্ভুক্ত সদস্য দেশগুলিতেও হামলা চালানোর পরিকল্পনা করছে। প্রথম টার্গেট হতে পারে জার্মানি।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের বরাত দিয়ে বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে জার্মানিতে হামলা চালানোর পরিকল্পনা করছে। সেজন্য রাশিয়া ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।
জার্মানিতে হামলা চালানোর জন্য রুশ সেনাবাহিনী পশ্চিম রাশিয়া এবং বেলারুশ হয়ে জার্মানিতে প্রবেশ করবে। এছাড়াও, কালিনিনগ্রাদে থেকে মিসাইল নিক্ষেপ করা হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে টার্গেট করে হিংসার মাত্রা আরও বাড়াতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রুশ সংবাদ সংস্থা তাসের দাবি, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রতিবেদন পড়েছেন। তবে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি। দিমিত্রি পেসকভ শুধু বলেন, ‘সম্প্রতি এই সংবাদপত্রটি একাধিক ভুয়ো ঘটনা খবর আকারে ছেপেছিল।’ রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া ঝাকারোভা এই প্রতিবেদনটিকে ‘গত বছরের হোরোস্কোপ’ বলে হেসে উড়িয়ে দিয়েছেন।