বাংলায় হচ্ছে ‘আলুর দমের মেলা’, যাবেন নাকি? জেনেনিন ঠিকানা

বইমেলা, খাদ্যমেলা, ফুলের মেলা, মিলন মেলা আরও অনেক মেলার সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু হুগলির জান্দা গ্রামে চলছে এক অনন্য মেলা। এই মেলায় আলুর দমের সমারোহ। তাই এই মেলাকে বলা হয় ‘আলুর দমের মেলা’।
এই মেলা মকর সংক্রান্তির দিন বসে। হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে মেলাটি বসে। এই মেলাকে সম্প্রীতির মেলাও বলা হয়। কারণ, একদিকে মুসলিম ধর্মালম্বীদের পীরের মেলা হয়, অন্যদিকে একই স্থানে গঙ্গা দেবীর আরাধনা করা হয়।
দামোদর নদের তীরে অবস্থিত জান্দা গ্রাম। মকর সংক্রান্তির দিন বহু মানুষ দামোদর নদে স্নান সেরে এই মেলায় যোগ দেন। স্নান সেরে প্রথমে তারা খাবার হিসাবে গ্রহণ করেন আলুর দম দিয়ে মুড়ি। সেই আলু অবশ্যই সদ্য তোলা হয় জমি থেকে।
মেলা প্রাঙ্গনে নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি করা হয়। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে। কোথাও বেতের বোনা বিভিন্ন সামগ্রীর দোকান তো কোথাও বাঁশের তৈরি ঝুড়ির দোকান তো কোথাও কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির দোকান। আবার ছোটদের মনোরঞ্জন করার জন্য রয়েছে নাগরদোলা।
দীর্ঘ দু থেকে আড়াইশো বছর ধরে এই মেলা চলছে বলেই শোনা যায়। মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলায় দুর্ঘটনা এড়াতে বা চুরি,ছিনতাইয়ের মত ঘটনা এড়াতে সাপুলিশ মোতায়ন করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকেও একাধিক সেবা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলায় আগত সাধারণ মানুষের জন্য।
মেলা কমিটির পক্ষে জয়দেব শীল বলেন, ‘এই মেলা একদিনেরই। বহু মানুষের সমাগম হয় এই মেলা ঘিরে। নানান আলুর দমের স্টলে এসে মানুষ খাবার খান। মেলাকে ঘিরে বহু সম্প্রদায়ের মানুষ এক হন। এই মেলা কিন্তু শীতের দিনে আপনাকে অন্যরকম স্বাদ দেবে। একবার হলেও এই মেলায় আসার জন্য আমরা সবাইকে বলব।’