“মধ্যরাতে ফিদেল কাস্ত্রোর প্রশ্নে অস্বস্তিতে পড়েছিলেন জ্যোতি বসু”,-মজার ঘটনা জানালেন দিলেন ইয়েচুরি

সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সম্প্রতি একটি ইন্টারভিউতে ফিদেল কাস্ত্রোর সঙ্গে তাঁর একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সে সময় তিনি তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে কিউবা সফরে গিয়েছিলেন।

ইয়েচুরির বর্ণনা অনুযায়ী, রাত ১১টার দিকে হঠাৎই ফিদেল কাস্ত্রোর মেসেজ আসে। তিনি তাদের সঙ্গে দেখা করতে চান। কিউবার প্রধানের ডাকে সাড়া দেওয়ার কোনো বিকল্প ছিল না। তাই ঘুম চোখেই তারা পৌঁছান যথাস্থানে।

সে রাতে দুই থেকে তিন ঘণ্টা ধরে তারা নানা বিষয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে ফিদেল কাস্ত্রো হঠাৎই জ্যোতি বসুর দিকে তাকিয়ে বলেন, “বসুন তো এখন ভারতের মোট স্টিল উৎপাদনের পরিমাণ কত?”

সে সময় অবসর গ্রহণের পরিকল্পনা করছিলেন জ্যোতি বসু। এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফিদেল ইয়েচুরির দিকে চেয়ে বলেন, “উনি না হয় প্রবীণ, তোমার মতো নবীন নেতার তো এই পরিসংখ্যান ঠোঁটস্থ থাকা উচিত।”

এই ঘটনায় লজ্জায় লাল হয়ে যান সীতারাম ইয়েচুরি। এরপর থেকে তিনি কিউবায় গেলে বা ফিদেলের সঙ্গে দেখা করলে বুক পকেটে একটি ছোট ডায়েরি রাখতে শুরু করেন। সেখানে সমস্ত পরিসংখ্যান লিখে রাখেন। যাতে আর এমন অস্বস্তিতে পড়তে না হয়।