যেন সপাট থাপ্পড়! মালদ্বীপে ভোটে হার হলো ভারত বিরোধী দলের

মলদ্বীপের রাজধানী মালের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ভারতপন্থী বলে পরিচিত অ্যাডাম আজিম। তাঁর জয়ে হতবাক সাধারণ মানুষও।
গত ১৩ জানুয়ারি মলদ্বীপের রাজধানী মালের মেয়র নির্বাচন উপপক্ষ্যে ভোটগ্রহণ করা হয়েছিল। এই নির্বাচনের দিকে চোখ ছিল সকলের। প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে ছিল এটি প্রেস্টিজ ফাইট। সেই লড়াইয়ে বড় ব্যবধানে হারতে হয়েছে তাঁর দল পিপলস ন্যাশনাল কংগ্রেসকে।
বিরোধী দল মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) প্রার্থী অ্যাডাম আজিম ২ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন পিএনসি প্রার্থী আয়েশা আজিমা-কে। আজিম পেয়েছেন ৫ হাজার ৩০৩ ভোট। অন্যদিকে, ৩ হাজার ৩০১ ভোট পেয়েছেন শাসক দলের প্রার্থী।
জানা গিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে রাজধানী মালের মেয়রের পদে দীর্ঘদিন ছিলেন মহম্মদ মুইজ্জু। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরেই মেয়রের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনতির মধ্যে ভারতপন্থীর কাছে দলীয় প্রার্থীর হার, দেশের মধ্যে মুইজ্জুর উপর চাপ সৃষ্টি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জয়ের পর অ্যাডাম আজিম বলেছেন, এই জয় রাজধানীর মানুষের জয়। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন যাঁরা তাঁকে ভোট দিয়েছেন।
মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি
সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজের হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। সেই সঙ্গে প্রবাল দ্বীপের পর্যটনের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছিলেন। এরপরেই ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিজনক মন্তব্য করেছিলেন মলদ্বীপ সরকারের তিন মন্ত্রী। শুরু হয় লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপ বিতর্ক।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের জন্য ভারতীয় পর্যটকরা মলদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন। বাতিল করে দিয়েছেন সমস্ত বুকিং।
পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে ভারতীয় সেনা প্রত্যাহারে চরম সময়সীমা ঘোষণা করার পর। আগামী ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য দিল্লির কাছে আর্জি জানিয়েছে মলদ্বীপ সরকার।