অনুষ্ঠান বাড়িতে শব্দতাণ্ডব! মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার দুজন

কলকাতার এন্টালি থানা এলাকায় তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। ঘটনায় এক সার্জেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

১৫৭ আনন্দ পালিত রোডের কাছে একটি বাড়িতে জন্মদিনের পার্টি চলছিল। অনেক রাত পর্যন্ত সেই আবাসনে পার্টি করা হয় এবং তারস্বরে মাইক বাজানো হয়। আশেপাশের স্থানীয় বাসিন্দারা এন্টালি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে একজন এন্টালি থানার সার্জেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আসেন। অনুষ্ঠান বাড়ির লোকজনকে মাইক বন্ধ করার জন্য বলা হয়।

এরপরেই অনুষ্ঠান বাড়ির কয়েকজন লোক পুলিশের উপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে বাসনপত্র ছোড়া হয়। কয়েকজন পুলিশ কর্মী আহত হন। খবর পেয়ে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা গিয়ে বাকি পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে। সায়ন্তন মিত্র নামে এক সার্জেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এরপরেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।