ক্যারিয়ারের শুরুতেই ফেসবুক-গুগল থেকে চাকরির অফার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র

মুর্শিদাবাদের বাসিন্দা বিশাখ মণ্ডল (২২)। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র তিনি। জীবনের প্রথম চাকরিতে পেয়েছেন বছরে প্রায় দুই কোটি টাকা বেতনের অফার।

ক্যারিয়ারের শুরুতেই বিশাখ গুগল, ফেসবুকের মতো বড় বড় বেশ কয়েকটি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন। তিনি জানান, ফেসবুক বছরে ১ কোটি ৮৩ লাখ ও গুগল লন্ডন ১ কোটি ৪০ লাখ টাকার চাকরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে অ্যামাজন দিয়েছে ১ কোটি ১৩ লাখ টাকার প্রস্তাব। তবে, গুগল এবং ফেসবুকের সঙ্গে কথাবার্তা চলছে।

মুর্শিদাবাদের প্রত্যন্ত সুখী গ্রামে থাকে বিশাখের পরিবার। বাবা কাজের জন্য সবসময় বাইরেই থাকেন। ছেলের ভবিষ্যতের কথা ভেবে বিশাখকে নিয়ে রামপুরহাট চলে যান তার মা। দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেখানেই পড়ালেখা করেন বিশাখ।

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর থেকেই চাকরিতে যোগদান করবেন বিশাখ।

এর আগে যাদবপুরের দশ শিক্ষার্থী বছরে প্রায় এক কোটি টাকার চাকরি পেয়েছিলেন। বিশাখের ক্ষেত্রে টাকার অংক তার দ্বিগুণ। উচ্চ মাধ্যমিকে তার স্থান ছিল ১২তম। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন যাদবপুরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *