‘কারার ওই লৌহ কপাট’ গানের বিকৃতি: সকলের কাছে ক্ষমা প্রার্থনা নির্মাতা-প্রযোজকদের

সদ্য মুক্তি পাওয়া বলিউডের ‘পিপ্পা’ সিনেমায় কবি কাজী নজরুল ইসলামের লেখা‘কারার ওই লৌহ কপাট’গানটি ব্যবহার করা হয়েছে। আর গানটি রিমেক করে তীব্র সমালোচনার মুখে এ আর রহমান। গানটির বিকৃতির অভিযোগে প্রতিবাদে শামিল হয়েছেন কবি পরিবার এবং দুই বাংলার সংগীতশিল্পী, গবেষক ও শ্রোতারা। এরপরে টনক নড়ল ‘পিপ্পা’র প্রযোজকদেরও।

অফিশিয়াল বিবৃতি দিয়ে গতকাল সোমবার বিকেলে ক্ষমা চাইলেন ‘পিপ্পা’র অন্যতম প্রযোজক প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এর ‘রায় কাপুর ফিল্মস’। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘রায় কাপুর ফিল্মস’–এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (টুইটার) পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। একই বিবৃতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপির সোশ্যাল মিডিয়া পেজে।

নজরুলের গানটির এ বিষয়ে তাদের ভাষ্য, “এই গানকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।”

বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।’’ এরই সঙ্গে নজরুল-কন্যা কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল বলেও বিবৃতি উল্লেখ আছে। সেখানে জানানো হয়,‘‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’’

সবশেষে বিবৃতিতে আরও লেখা হয়, ‘‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *