বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে মৃতদেহ পাচার, ভিন রাজ্যের যোগ, গ্রেফতার ৫

বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিল্ডিং থেকে মৃতদেহ পাচার কাণ্ডে ভিন রাজ্যের যোগ আছে বলে মনে করছে জেলা পুলিশ। এই পাচার কাণ্ডে গ্রেফতার পাঁচজনের মধ্যে একজন দার্জিলিঙের বাসিন্দা। প্রাথমিক তদন্তে, গোটা ঘটনায় উত্তরাখণ্ড যোগ পেয়েছেন বলে জানা যাচ্ছে।
বুধবার সকালে অ্যানাটমি বিল্ডিং থেকে একটি শববাহী গাড়িতে করে তিনটি মৃতদেহ পাচারের চেষ্টা করা হয়। কিন্তু দেহগুলি গেটের কাছে পৌঁছতেই নিরাপত্তারক্ষীরা কাগজ দেখতে চান। কিন্তু গাড়ির মধ্যে থাকা ব্যক্তিরা সঠিক কাগজ দেখাতে না পারায় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তারা খবর দেয় বর্ধমান থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি সহ-তিনটি মৃতদেহ এবং দেহাংশ উদ্ধার করে। মৃতদেহগুলি অ্যানাটমি বিভাগে ফেরত পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অবিনাশ মল্লিক মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের কর্মী। তার বাড়ি দার্জিলিঙে। গৌতম ডোম ও নন্দলাল ডোম মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের কর্মী। তাদের বাড়ি বর্ধমান শহরে। আর সুমন মিত্র ও শম্ভু মিত্র শববাহী গাড়ির চালক। তারা বর্ধমানের বাবুরবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের পড়ুয়ারা নিজেদের পড়াশোনার জন্য অনেক দাম দিয়ে কঙ্কাল কেনেন। সেই কঙ্কাল সরবরাহ করার জন্য একটি চক্র বহুদিন ধরেই রাজ্যে সক্রিয় রয়েছে। আটক হওয়া ব্যক্তিরা এই চক্রের সঙ্গে যুক্ত কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এক্ষেত্রে ওই মৃতদেহগুলি উত্তরাখণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।