ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল হোর্ডিংয়ের ফ্রেম, আহত দুই শ্রমিক

হুগলির চুঁচুড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জিটি রোডের উপর মোনোপোল হোর্ডিং গেট তৈরীর সময় লোহার রোপ ছিঁড়ে একটি চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ে হোর্ডিংয়ের ফ্রেম। এতে গাড়ির চালক ও আরোহী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে ঠিকাদারী সংস্থার দুই শ্রমিক আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সকাল আটটা নাগাদ। চুঁচুড়া সুকান্ত নগর অনুকূল চন্দ্র স্কুলের সামনে জিটি রোডের উপর মোনোপোল হোর্ডিং গেট তৈরীর কাজ চলছিল। বড় লোহার খাঁচা উপরে তোলা হচ্ছিল হাইড্রা মেশিনের কপিকল দিয়ে। হঠাৎ লোহার রোপ ছিঁড়ে ভেঙে পড়ে খাঁচাটি।

সেই সময় ব্যান্ডেল থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল একটি গাড়ি। সেই গাড়ির উপর ভেঙে পড়ে খাঁচাটি। গাড়ির চালক ও আরোহী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে ঠিকাদারী সংস্থার দুই শ্রমিক উপর থেকে নীচে পড়ে আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, জিটি রোডের এই অংশটি খুবই ব্যস্ত। সেখানে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে। এমন ব্যস্ত রাস্তার উপর কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ চলছিল বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাজির হয়। আহত দুজনকে ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচলে সমস্যা হয়। চন্দননগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ গিয়ে রাস্তায় যান চলাচল শুরু করান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *