ফের টিটাগড়ে চলল গুলি, শুটআউটে খুন যুবক, আতঙ্ক এলাকায়

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে শুটআউটের ঘটনায় এক যুবক খুন হয়েছেন। বুধবার সন্ধ্যা নামার মুখে টিটাগড়ের উড়ানপাড়া অঞ্চলে নিজ বাড়ির সামনে হাসান নামে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হাসানকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান এলাকায় একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তবে পুলিশের খাতায় তার নাম রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

টিটাগড়ে আগেও একাধিকবার শুটআউটের ঘটনা ঘটেছে। সম্প্রতি এলাকার দখল নিয়ে দুষ্কৃতীদের দুই দলের মধ্যে লড়াই চলে। এদিনের ঘটনার সঙ্গে ওই লড়াইয়ের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

ব্যারাকপুর কমিশনারেটের এক অফিসার জানান, ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *