চোখের সামনে ছেলেকে পুড়তে দেখে চিতায় ঝাঁপ দিলেন মা, গুরুতর আহত মহিলা

বিহারের মধ্যপুরা জেলার সুখাসন পঞ্চায়েতের শিবদয়ালপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত সোমবার এই গ্রামেই উদ্ধার হয় সিকেন্দ্র যাদবের ছেলের ঝুলন্ত দেহ। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি এলাকাবাসীর।

মঙ্গলবার স্থানীয় হাসপাতালে নিহতের দেহের ময়নাতদন্ত করা হয়। এর পর দেহ পরিবারের হাতে তুলে দেয় বিহার পুলিশ। মর্গ থেকেই দেহ নিয়ে সোজা শ্মশাণে চলে যান গ্রামবাসীরা।

বিকেলে দেহ সৎকারের পর গ্রামবাসীরা যখন ফিরে যাচ্ছিলেন, তখন তারা দেখতে পান নিহতের মা শ্মশাণের দিকে পালিয়ে যাচ্ছেন। ছেলের মৃত্য়ুতে একরকম পাগলের মতো আচরণ করছিলেন তিনি।

গ্রামবাসীরা তাঁকে ধরে আনতে শ্মশাণের দিকে দৌড়ে যান। শ্মশাণে পৌঁছে তারা দেখতে পান একটি জ্বলন্ত চিতায় নিহতের মা ঝাঁপ দিয়েছেন। গ্রামবাসীরা কোনও মতে তাঁকে সেখান থেকে বের করে আনেন। ওই অবস্থায় কাপড়ে মুড়িয়ে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন গ্রামবাসীরা।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলার দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থায় আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।