মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, দাবি নিশিকান্তের

গত মাসেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে। দুবাইবাসী ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে মহুয়া ঘুষ নিয়েছেন বলে অভিযোগ।

এই অভিযোগের ভিত্তিতে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেন, নিজের পার্লামেন্টের আইডি ও পাসওয়ার্ড দর্শনকে ব্যবহার করতে দিয়েছেন মহুয়া। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তা বকলমে স্বীকার করে নিয়েছেন তৃণমূল সাংসদ।

লক্ষ্য করে লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন নিশিকান্ত। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে দেন তিনি।

কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা পোস্টে তার জবাব দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তিনি বলেন, “সংবাদমাধ্যম আমার কাছে জানতে চাইছে। আমার জবাব হল, সিবিআইকে প্রথমে ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারিতে আদানির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে কী ভাবে আদানি সমুদ্র বন্দর ও বিমান বন্দর কেনার ছাড়পত্র পেল? তারপর সিবিআইকে আমার জুতো গোনার জন্য স্বাগত জানাব।”

মহুয়া ইস্যুতে বৃহস্পতিবার ফের বৈঠকে বসার কথা রয়েছে এথিক্স কমিটির। তার আগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দাবি করলেন নিশিকান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *