মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু দুয়ারে ডাক্তার, প্রত্যন্ত এলাকায় শুরু চিকিৎসা পরিষেবা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বুধবার মিনাখাঁয় দুয়ারে ডাক্তার শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বসিরহাট স্বাস্থ্য জেলা ও বারাসত জেলা হাসপাতালের প্রায় ৫০ জন অভিজ্ঞ চিকিৎসক এই শিবিরে অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শিবির চলতে থাকে।

শিবিরে চর্মরোগ, নাক, কান, গলা, জেনারেল মেডিসিন, কার্ডিওলজি, সাইকিয়াট্রি, পেড মেডিসিন, চোখ, জেনারেল ওপিডি, গাইনি এবং ওবিএস, দাঁতের সমস্যা, সার্জারি ও অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় ভালো চিকিৎসা সেবা পেতে হলে কলকাতায় যেতে হয়। এতে প্রচুর খরচ হয় এবং সময়ও নষ্ট হয়। দুয়ারে ডাক্তার শিবিরের ফলে তারা স্বল্প খরচে এবং সহজেই চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।

শিবির পরিদর্শনে এসে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ১২ রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।”

তিনি জানান, ভবিষ্যতে এই ধরনের শিবির আরও বেশি করে আয়োজন করা হবে।

স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আনিস গাজি বলেন, “শুধু একদিন ডাক্তার বসিয়ে শিবির করলে চলবে না। মাসে একদিন হলে ভালো হয়। আজ ডাক্তার দেখিয়েছি, ওষুধও দিয়েছে। কিন্তু পরে ওই ডাক্তারবাবুকে কোথায় পাব। তাই ফের এমন ব্যবস্থা করলে ভালো হয়।”

কুমারজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান আকবর গাজি বলেন, “দুয়ারে ডাক্তার শিবিরের মাধ্যমে এলাকার মানুষ ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পেয়েছে। এটি একটি ভালো উদ্যোগ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *