ত্বকের তারুণ্য ধরে রাখতে পেঁপে ব্যবহার করুন ৭ উপায়ে, কৌশল জেনেনিন আপনিও

উপকারী ফল পেঁপে খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। ব্রণের দাগ ও কালচে দাগ দূর করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে পেঁপে। এটি ত্বক কোমল ও টানটান রাখতেও সাহায্য করে। বলিরেখাহীন ও তারুণ্যদীপ্ত ত্বকের জন্য কীভাবে পেঁপে ব্যবহার করবেন জেনে নিন।

এক টুকরো কাঁচা পেপে মধুতে ভিজিয়ে হালকা হাতে মুখে এবং গলায় ম্যাসাজ করুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন ত্বক।
আধা কাপ পাকা পেঁপের সঙ্গে ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করলে ব্রণ দূর হবে।
পাকা পেঁপে চটকে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি ব্লেন্ড করে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ফেসপ্যাকটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসবে।
ত্বকের কালচে দাগ, ব্রণের দাগ, হাঁটু বা কনুইয়ের কালচে ভাব দূর করতে পেঁপে বেশ কার্যকর। কাঁচা পেঁপে ব্লেন্ডারে থেঁতো করে নিন। সঙ্গে মেশান লেবুর রস ও টক দই। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কমবে দাগ।
১/৪ কাপ পাকা পেঁপের টুকরার সঙ্গে অর্ধেকটা শসা কুচি করে ব্লেন্ড করুন। মিশ্রণে ১/৪ কাপ পাকা কলার টুকরা চটকে মেশান। সপ্তাহে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সজীব হবে।
২ স্লাইস পাকা পেঁপের সঙ্গে ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। ত্বক পরিষ্কার করে মুছে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে সামান্য জলের ঝাপটা দিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
আধা কাপ পাকা পেঁপের টুকরার সঙ্গে ১টি ডিমের সাদা অংশ মিশিয়ে ফেটিয়ে নিন। মুখ ও গলার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক টানটান রাখতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *