মুক্তির প্রথম সপ্তাহে দিল্লিতে দেখা যাবে না শাহরুখের ‘জওয়ান’!

আর মাত্র এক দিনের অপেক্ষা। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘জওয়ান’। বড় পর্দায় নতুন লুকে বলিউড বাদশাকে দেখতে মুখিয়ে আছেন দর্শক ও অনুরাগীরা। এদিকে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ বক্স অফিস হিট করায় এবার ‘জওয়ান’ নিয়ে আরও বেড়ে গেছে উন্মাদনা।

কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩১ অগস্ট মুক্তি পেয়েছে ট্রেলার। এরপরই শুরু হয় ‘জওয়ান’-এর অগ্রিম টিকিট বুকিং।
ভারতে ব্যাপক সাড়াও মিলেছে অগ্রিম বুকিংয়ে। এমনকি, শাহরুখের আগের ছবি ‘পাঠান’-এর অগ্রিম বুকিংকেও টপকে গেছে ‘জওয়ান’। নিজের গড়া নজির নিজেই ভাঙছেন শাহরুখ। ৭ সেপ্টেম্বর যে হইহই করে উদ্‌যাপন করতে চলেছেন বাদশার অনুরাগীরা, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

অপরদিকে মুক্তির প্রথম সপ্তাহান্তে দিল্লির অধিকাংশ স্থানে দর্শক ও অনুরাগীরা দেখতে পাবেন না শাহরুখের ‘জওয়ান’র। কিন্তু কেন?
এর উত্তর—আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের জি-২০ সম্মেলন। এ সম্মেলনের নিরাপত্তার জন্য ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির বেশির ভাগ জায়গাতেই থাকবে কড়াকড়ি। রাজধানীর একাধিক এলাকায় যাতায়াতেও থাকতে চলেছে বেশ কিছু বিধিনিষেধ। তার প্রভাব পড়তে চলেছে দিল্লির বেশির ভাগ প্রেক্ষাগৃহেও। ফলে ৭ সেপ্টেম্বর মুক্তি পেলেও সেই সপ্তাহান্তে দিল্লিবাসীর পক্ষে ‘জওয়ান’ দেখতে প্রেক্ষাগৃহে যাতায়াত করতে পারার সম্ভাবনা খুব একটা নেই। ফলে, প্রথম সপ্তাহে যে দর্শক ও অনুরাগীরা বড় পর্দায় দেখতে পাবেন শাহরুখকে, সেই আশা বেশ ক্ষীণ বললেই চলে।

দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ সম্মেলন। যার ফলে সপ্তাহান্তে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, শপিং মল। এমনকি, সুপ্রিম কোর্টও সাধারণ মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *