সাদা পোশাককে বিদায়, তবে সাদা বল ও রাজনীতিতে নতুন ইনিংস শামির?

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই রাজনীতির আঙিনায় পা রাখার জল্পনা উসকে দিলেন তারকা পেসার মহম্মদ শামি। রবিবার নয়াদিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে রাজনৈতিক ও ক্রীড়ামহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষত, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই সাক্ষাৎ বাড়তি তাৎপর্য পেয়েছে।
জানা গিয়েছে, নয়াদিল্লিতে নীতিন নবীনের সঙ্গে শামির এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সভাপতি কুঁওয়ার বাসিত আলিও। যদিও দু’জনের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে শামির প্রাক্তন সতীর্থ যুজবেন্দ্র চাহাল সম্প্রতি বিজেপি-তে যোগ দেওয়ার ঠিক এক সপ্তাহ পরই শামির এই সাক্ষাৎ নতুন করে জল্পনা তৈরি করেছে। চাহালকে দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।
আগেও রাজনৈতিক বৈঠক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলের সঙ্গে শামির সাক্ষাৎ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা করেছিলেন ৩৬ বছর বয়সি এই পেসার। তখনও উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে তাঁর রাজনীতিতে আসা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। যদিও আরএলডি-র তরফে স্পষ্ট করা হয়েছিল যে, আমরোহায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করার জন্য জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানাতেই সেই বৈঠক করেছিলেন শামি।
ক্রিকেট ভবিষ্যৎ কোন পথে? গত ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহম্মদ শামি। ৬৪টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২২৯টি উইকেট। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেটে মাঠে নেমেছিলেন তিনি। আর ভারতের জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
টেস্ট থেকে সরে দাঁড়ালেও সাদা বলের ক্রিকেট—অর্থাৎ ওডিআই ও টি-২০ খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শামি। ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও বাংলার হয়ে খেলছেন, এবং আসন্ন আইপিএল ২০২৭-এ রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে তাঁকে। এখন দেখার, মাঠের লড়াইয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও নতুন কোনও অধ্যায়ে পা রাখেন কি না এই তারকা পেসার।