প্রথম ম্যাচে হারের বদলা! অজিদের গুঁড়িয়ে ওয়ানডে সিরিজে রাজকীয় প্রত্যাবর্তন ইংল্যান্ডের

অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করা ফাস্ট বোলার মহিল বিয়ার্ডম্যানকে এদিন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগায় ইংলিশ ব্যাটাররা।
শুরুতে বেন ডাকেট ৯ রান করে দ্রুত ফিরলেও, দ্বিতীয় উইকেটে দলের ইনিংসের ভিত শক্ত করেন টম ব্যান্টন এবং জো রুট। এই জুটিতে আসে ১৩৭ রান। ৬২ রান করে আউট হলেও, এদিন ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের পঞ্চাশতম হাফসেঞ্চুরি পূর্ণ করে একটি অনন্য মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ ব্যাটার জো রুট।
রুট আউট হওয়ার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন ব্যান্টন। মাত্র ৮৬ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত ৯৯ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। ব্যান্টন ফেরার পর রানের গতি কমতে দেননি জর্ডান কক্স ও উইল জ্যাকস। কক্স ৪৯ বলে ৬৭ এবং উইল জ্যাকস ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৫৫ রান তোলে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে জেভিয়ার বার্টলেট ৩টি উইকেট নিলেও ১০ ওভারে খরচ করেন ৭২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গুস অ্যাটকিনসনের গতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় তারা। পঞ্চম উইকেটে ম্যাট রেনশ এবং ক্যামেরন গ্রিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা জয়ের জন্য পর্যাপ্ত ছিল না। রেনশ ৬৩ এবং গ্রিন ৬৪ রান করে প্রতিরোধ গড়লেও, এই জুটি ভাঙার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অজিদের ইনিংস।
অ্যাটকিনসন মাত্র ২৮ রান খরচ করে শিকার করেন ৪টি উইকেট। এ ছাড়া লিয়াম ডসন ও স্যাম কারেন নেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে মাত্র ২২০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১৩৫ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন টম ব্যান্টন। আগামী বুধবার হোবার্টে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।