ছটপুজো নিয়ে আপত্তি থাকলে সোজা চলে যান বাংলাদেশে! বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়ক সন্তু পানের

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছটপুজো উপলক্ষে গান বাজানো এবং উৎসবের মেজাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশ তীব্র সমালোচনা শুরু করে। এই অংশের দাবি ছিল, ছটপুজো বা ভিন রাজ্যের সংস্কৃতি বাংলার প্রকৃত সংস্কৃতি নয়। এই সমালোচনার জবাবেই ময়দানে নামেন বিজেপি বিধায়ক সন্তু পান।
ভিডিও বার্তায় সন্তু পান বলেন, “ছটপুজোয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ মেতে উঠছেন, অথচ একাংশের দাবি, এটি নাকি পশ্চিমবঙ্গ বা বাঙালির সংস্কৃতি নয়।” এরপরই বিরোধীদের বিরুদ্ধে বাঙালি ও অবাঙালির মধ্যে কৃত্রিম বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ তোলেন তিনি।
বিগত নানা ঘটনার প্রসঙ্গ টেনে আক্রমণ
সন্তু পান তাঁর বক্তব্যে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্কিত ঘটনার কথা তুলে ধরে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এই পশ্চিমবঙ্গে যখন মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? মা কালীকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন?” পাশাপাশি, অতীতে কলকাতার বুকে দাঁড়িয়ে দেওয়া এক মন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন নীতি এবং ভাষাবদল (যেমন ‘রামধনু’কে ‘রঙধনু’ করার প্রসঙ্গ) নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি এই বিজেপি বিধায়ক।
একতার বার্তা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণ
সোশ্যাল মিডিয়ায় যাঁরা বাঙালি-অবাঙালি ভেদাভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন, তাঁদের কঠোর ভাষায় আক্রমণ করে সন্তু পান বলেন, “আপনারাই এই সমাজের কীট। যাঁরা সোশ্যাল মিডিয়ায় বাঙালি-অবাঙালি ভাগ করতে চাইছেন।”
বক্তব্যের শেষে দলের আদর্শ ও বঙ্গীয় সমাজ নিয়ে বলতে গিয়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করেন বিধায়ক। তাঁর সাফ কথা, “আমরা সনাতনী হিন্দু বাঙালিরা সবাই একজোট হয়ে আছি। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, তাহলে বাঙালির হোমল্যান্ডের জন্য কেউ দাবিও করতেন না। আজ বাংলাদেশে বসে থাকতে হত। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টি ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলবে। সবার জন্য চলবে। উন্নয়নের জন্য চলবে।”