নতুন বাইক কেনার কতদিন পর পর সার্ভিসিং করাবেন, জেনেনিন সঠিক সময়?

প্রিয়জন হোক বা শখের বাইক—কোনো কিছুই ঠিকভাবে যত্ন না নিলে বেশিদিন ভালো থাকে না। নিয়মিত বাইকের যত্ন ও সময়মতো সার্ভিসিং করালে আপনার পছন্দের বাইকটি বছরের পর বছর নতুন বাইকের মতোই সচল রাখতে পারবেন। কিন্তু অনেকেই জানেন না বাইক সার্ভিসিংয়ের সঠিক সময় কখন, কতদিন পর পর বাইক সার্ভিসিং করানো উচিত অথবা নতুন বাইকের প্রথম সার্ভিসিং কবে করিয়ে নেওয়া ভালো।

ভালো মাইলেজ পেতে এবং বাইকের আয়ু বাড়াতে নিয়মিত যত্ন এবং সঠিক সময়ে সার্ভিসিং অত্যন্ত জরুরি। বাইক সার্ভিসিংয়ের কোনো ধরাবাঁধা সময় নেই, কারণ এটি নির্ভর করে বাইকের মডেল এবং চালক কীভাবে বাইকটি ব্যবহার করেন তার ওপর। তবে, সুবিধার্থে বাইক সার্ভিসিংকে প্রধানত তিনটি ধাপে ভাগ করা যায়:

১.প্রথম সার্ভিসিং: নতুন বাইকের অপরিহার্য শুরু
আপনার নতুন বাইকের প্রথম সার্ভিসিং করাতে হবে ৩০০ থেকে ৫০০ কিলোমিটার চালানোর মধ্যে। অর্থাৎ, বাইকটি ৩০০ কিলোমিটার পাড়ি দেওয়ার পরেই প্রথম সার্ভিসিংয়ের জন্য প্রস্তুত। এই সময় মেকানিক বাইকের ইঞ্জিন, ব্রেক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করেন। কোনো ত্রুটি থাকলে তা সারিয়ে দেওয়া হয়। এই ধাপটি বাইকের দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২.দ্বিতীয় ও তৃতীয় সার্ভিসিং: রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ ধাপ
প্রথম সার্ভিসিংয়ের পর দ্বিতীয় এবং তৃতীয় সার্ভিসিং করাতে হবে ২ হাজার থেকে ৩ হাজার কিলোমিটার চালানোর মধ্যে। এই ধাপে সবার আগে বাইকের ইঞ্জিন অয়েল বদলানো হয়। এছাড়াও, চেইন লুব্রিকেশনের কাজ করা হয় এবং ব্রেক ও ক্লাচ ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হয়। এই পর্যায়ক্রমিক সার্ভিসিং বাইকের মসৃণ চলাচল নিশ্চিত করে।

৩.রেগুলার সার্ভিসিং: দীর্ঘ মেয়াদী সুস্থতার চাবিকাঠি
বাইক ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার চালানোর পর একবার অবশ্যই সার্ভিসিং করাতে হয়। একে রেগুলার সার্ভিসিং বলা হয়। এই সার্ভিসিংয়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন, এয়ার ফিল্টার পরিষ্কার করা, টায়ারের চাপ পরীক্ষা করা এবং ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হয়। এই নিয়মিত সার্ভিসিং বাইকের পারফরম্যান্স এবং নিরাপত্তা উভয়ই বজায় রাখতে সাহায্য করে।

আপনার বাইক চালানো যতটা স্বাধীনতার অনুভূতি দেয়, ততটাই দায়িত্বের। তাই নিয়মিত সার্ভিসিং করিয়ে আপনার শখের বাইকটিকে সুস্থ রাখুন এবং নিরাপদে পথ চলুন।

Editor001
  • Editor001