‘বিগ বস’ থেকে বিদায়ের পর সালমান খানকে ধুয়ে দিলেন আলিয়া সিদ্দিকী, বললেন

মাত্র ১০ দিনেই ভ্রমণ শেষ। ১০ দিন কাটতে না কাটতেই নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকীকে ‘বিগ বস ওটিটি’র বাসা থেকে বহিষ্কার করা হলো। ‘বিগ বস হাউস’ থেকে এত তাড়াতাড়ি বিদায় নেওয়ার কথা আলিয়া কল্পনাও করতে পারেননি। তবে এসবের পেছনে বলিউড সুপারস্টার সালমান খানের হাত আছে বলে মনে করেন নওয়াজপত্নী। এ নিয়ে তিনি ভাইজানকে রীতিমতো কটাক্ষ করেছেন।
সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন আলিয়া সিদ্দিকী। কিন্তু এখানে কোনোমতে ১০ দিন টিকলেন আলিয়া। এই হাউসের অন্য প্রতিযোগীরা রীতিমতো জোট পাকিয়ে আলিয়াকে এই ঘর থেকে বহিষ্কারের পাকাপাকি বন্দোবস্ত করেছিলেন।

প্রতিযোগীদের অভিযোগ, নওয়াজের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ আর অতীতের কাসুন্দি ঘাঁটতে বেশি ব্যস্ত ছিলেন আলিয়া। এভাবে নওয়াজপত্নী দর্শকের সমবেদনা আদায় করতে চান বলে অনেক প্রতিযোগী মনে করেন। শুধু তা–ই নয়, আলিয়ার উদ্দেশ্য ছিল ‘সিদ্দিকী’ পদবির বাইরে স্বতন্ত্র এক পরিচয় গড়ে তোলা। কিন্তু তাঁর কোনো আশাই পূর্ণ হয়নি। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান আলিয়ার এই আচরণ মেনে নিতে পারেননি। তিনি ‘উইকেন্ড কা ওয়ার’-এর সময় আলিয়াকে এ ব্যাপারে একহাত নিয়েছিলেন।

সালমান কড়া ভাষায় বলেছিলেন, ‘বিগ বস ওটিটি’-তে আলিয়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতে পারবেন না। আর তাতে আলিয়ার মনে হয়েছে যে সালমান তাঁর সহ–অভিনেতা নওয়াজকে আড়াল করতে চাইছেন। সালমান ও নওয়াজ একসঙ্গে ‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে কাজ করেছিলেন।

‘বিগ বস ওটিটি টু’র বাসা থেকে বাইরে আসার পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘সালমানজি পুরোপুরি পক্ষপাতিত্ব করে এসব কথা বলেছেন। এখানে একজন তারকা অপর এক তারকাকে সাপোর্ট করেছেন। এখানেই বোঝা যায়, কেউ কী করে নিজের শক্তির ব্যবহার অন্যের বিরুদ্ধে করতে পারে। আমি এসব কথা বলতে মোটেও ভয় পাই না। কারণ, আমি জানি যে আমি একদম সত্যি বলছি। এই শোতে অনেকেই নিজের অতীত আর নিজের জীবন নিয়ে কথা বলছিলেন। পূজাজি (ভাট) তা–ই করতেন। ফলক নাজকে নিজের ভাই আর ভাইয়ের জেলবন্দী জীবনের কথা বলতে শোনা গিয়েছিল।’

ভারতের টেলিভিশন অভিনেত্রী দিব্যা আগারওয়াল
‘বিগ বস ওটিটি টু’-তে বলিউড অভিনেত্রী পূজা ভাটের মতো তারকা প্রতিযোগী আছেন।

তবে আলিয়া সিদ্দিকীর সঙ্গে পূজার সম্পর্কটা মোটেও ভালো ছিল না। তাঁরা একে অপরের নিশানায় ছিলেন। আর একে অপরকে নমিনেট করেছিলেন তাঁরা।
এদিকে নওয়াজ আর আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহের কথা কারোর জানতে আর বাকি নেই। তাঁদের গার্হস্থ্য সমস্যা বাসার চার দেয়াল ছাড়িয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। কিন্তু এখনো এই মামলার মীমাংসা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *