ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার বাজেট জানেন কি? জানলে অবাক হবেন

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা প্রযোজনা হয় ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। অনেকেই জানলে অবাক হবেন, বছর জুড়ে নানা ভাষায় দেশটিতে ১৮০০ এর বেশি সিনেমা মুক্তি পায়।

গত এক দশকে ভারতীয় চলচ্চিত্র শিল্প অনেকদূর এগিয়েছে, বড় বড় বাজেটের অনেক সিনেমা তৈরি হয়েছে। যদিও বড় বাজেটের সিনেমায় ব্যয় অনেক বেশি। অভিনেতাদের পারিশ্রমিক দিতে হয় বেশি। এছাড়া পোশাকসজ্জা, সেট, ভিএফএক্স ও অ্যাকশন দৃশ্য নির্মাণে বিপুল পরিমাণে ব্যয় হয়। বক্স অফিসে ভালো ইনিংস না খেললে লোকসানের মুখ দেখতে হয় অনেক সময়। তবু সম্প্রতি বেশির ভাগ বড় বাজেটের সিনেমাই দর্শকের মনে আগ্রহ তৈরি করছে।

ভারতে তৈরি হওয়া সব থেকে ব্যয়বহুল সিনেমা কোনটি? অনেকেই বলবেন ‘আদিপুরুষ’র কথা। তার আগে মুক্তি পাওয়া ‘বাহুবলী’র কথা তুলবেন কেউ। গত বছরের ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’, ‘ধুম ৩’ ইত্যাদি সিনেমার কথাও মনে পড়তে পারে।

তবে এগুলোর একটিও নয়। নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে এগিয়ে থাকবে। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসন, দীপিকা, দিশা পটানি অভিনীত এই সিনেমাটি এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি খরচ করে তৈরি হওয়া সিনেমা হতে চলেছে। এই সিনেমার বাজেট ৬০০ কোটি টাকা।

প্রভাস নাকি এই সিনেমার জন্য নিয়েছেন দেড়শো কোটি টাকা। সিনেমার বাজেটের এক-চতুর্থাংশ প্রভাসের জন্যই ব্যয় করা হয়েছে। কমল হাসন নিয়েছেন ২০ কোটি টাকা।

দীপিকার পারিশ্রমিক ১০ কোটি। অমিতাভ, দিশা প্রমুখের জন্য খরচ হয়েছে ২০ কোটি। অভিনেতাদের পারিশ্রমিক সব মিলিয়ে ২০০ কোটি। প্রযোজনার খরচ ঠিক এর দ্বিগুণ, অর্থাৎ ৪০০ কোটি টাকা।

কিছু দিন আগে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’ সিনেমার বাজেট ছিল ৫০০ কোটি টাকা। রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’র বাজেটও ছিল ৫০০ কোটি।

দক্ষিণী তারকা রজনীকান্ত অভিনীত ‘২.০’র বাজেট ছিল ৫০০ কোটি। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করতে লেগেছিল ৪১০ কোটি টাকা।

আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘ঠগস অফ হিন্দুস্তান’ তৈরি হয়েছিল ৩১০ কোটি টাকায়। ‘বাহুবলী’ সিনেমা মুক্তি পেয়েছিল দুই ভাগে। ২৫০ কোটি বাজেট ছিল এই ছবির। এমনকি শাহরুখ খানের বিপুল সাফল্যের মুখ দেখা সিনেমা ‘পাঠান’র বাজেটও ছিল ২৫০ কোটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *