‘বিটিএস’ কে? নাম শুনে চিনতেই পারলেন না জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক

বিশ্ব সংগীতের সঙ্গে চেনাজানা রয়েছে, অথচ ‘বিটিএস’ দলটিকে চেনে না, বর্তমান সময়ে এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। সেই বিরল মানুষদের একজন বলিউডের নন্দিত গায়িকা অলকা ইয়াগনিক। হ্যাঁ, তুমুল জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ডটিকে চেনেন না তিনি। এক সাক্ষাৎকারে সরল মনেই তা জানিয়েছেন অলকা।

কিছু দিন আগে সংগীতশিল্পী হিসেবে একটি বিশ্বরেকর্ড গড়েছেন অলকা ইয়াগনিক। ২০২২ সালে তার গানই সবচেয়ে বেশি বেজেছে ইউটিউবে। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন আন্তর্জাতিক তারকা ড্রেক, বিয়ন্সে, টেইলর সুইফট কিংবা ‘বিটিএস’ ও ‘ব্ল্যাকপিংক’র মতো ব্যান্ডকে। আরও চমকপ্রদ বিষয় হলো, টানা তিন বছর ধরেই এই রেকর্ড নিজের দখলে রেখেছেন তিনি।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকা যখন প্রকাশ্যে আসে, তখন অলকা ইয়াগনিকের কন্যা সেটি দেখিয়েছেন তাকে। কিন্তু তালিকা দেখে গায়িকার প্রশ্ন ছিলো, ‘বিটিএস’ কে? মায়ের এমন প্রশ্নে তাজ্জব বনে যান সায়েশা কাপুর।

এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে অলকা ইয়াগনিক বলেন, “বিটিএস’ সম্পর্কে কিছুই জানতাম না আমি। আমার মেয়ে এই জনপ্রিয় দলটি সম্পর্কে এবং তাদেরকে পেছনে ফেলার তাৎপর্য জানিয়েছে আমাকে। আমি যখন সায়েশাকে জিজ্ঞেস করেছিলাম, ‘বিটিএস’ কে? তখন ও বিস্মিত হয়ে যায়! এরপর সে আমাকে তাদের সম্পর্কে জানায়। কিন্তু আমাকে তা খুব একটা প্রভাবিত করেনি। এত বড় অর্জনে আমার নির্বিকার অবস্থা দেখে ও (সায়েশা) অবাক হয়েছিলো।”

উল্লেখ্য, গিনেজ বুকের তথ্য অনুসারে, ২০২২ সালে ইউটিউবে অলকা ইয়াগনিকের গান ১৫ দশমিক ৩ বিলিয়ন বার বেজেছে। প্রতিদিনের হিসাবে যা ৪২ মিলিয়ন! এর আগে ২০২১ সালে ১৭ বিলিয়ন এবং ২০২০ সালে ১৬ দশমিক ৬ বিলিয়ন বার বেজেছে এই সুকণ্ঠীর গান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *