কোষাগারের হাল ফেরাতে মরিয়া পুরনিগম: কী এই ‘ব্যাড ডিমান্ড’, কতটা কমতে পারে বকেয়া করের পাহাড়?

আর্থিক টানাপড়েন ও ঠিকাদারদের বকেয়া মেটানোর চাপের মধ্যেই কলকাতা পুরনিগমে প্রায় ৭ হাজার কোটি টাকার অনাদায়ী করের হিসাব খতিয়ে দেখার বড় পদক্ষেপ নেওয়া হলো। পুরনিগম সূত্রে খবর, এই বিপুল বকেয়া করের মধ্যে বড় একটি অংশের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এবার সেই অস্তিত্বহীন কর চিহ্নিত করে বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুরনিগম।

এক আধিকারিক জানিয়েছেন, অস্তিত্বহীন অনাদায়ী সম্পত্তি করের বিল বাদ দেওয়ার কাজ শুরু হচ্ছে। এতে কিছুটা সময় লাগলেও এর ফলে সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ ঠিক কত টাকা প্রকৃত কর পাবে, তা স্পষ্ট হবে। এর ফলে আসল বকেয়া টাকা আদায়ে নামতে সুবিধা হবে এবং পুরনিগমের কোষাগারের হাল ফেরাতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের পক্ষ থেকে ‘ব্যাড ডিমান্ড’ তৈরি ও চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে। বাস্তবে কোনো সম্পত্তির অস্তিত্ব না থাকলেও তার নামে কর ধার্য হয়ে চলা, বছর বছর বকেয়া জমা হওয়া এবং তার ওপর সুদ ও পেনাল্টি যুক্ত হয়ে অঙ্ক ফুলে-ফেঁপে ওঠার মতো বিষয়গুলিই এর মধ্যে পড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো বড় বাড়ি বা ভবনের অংশ ফ্ল্যাট বা আলাদা ভাগে বিক্রি হয়ে যাওয়ায় নতুন ক্রেতাদের নামে নতুন অ্যাসেসমেন্ট নম্বর তৈরি হয়েছে, অথচ পুরনো বা মাদার অ্যাসেসমেন্ট নম্বরটি রয়ে গেছে।

করের সুদ ও পেনাল্টিতে ছাড় দেওয়ার ‘ওয়েভার স্কিম’-এর অগ্রগতি খতিয়ে দেখতে পুরনিগমে এক মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসক স্মিতা পাণ্ডের উপস্থিতিতে ওই বৈঠকে বিপুল অনাদায়ী করের অঙ্ক নিয়ে আধিকারিকদের কাছে কারণ জানতে চাওয়া হয়। তখনই এই অস্তিত্বহীন করের বিষয়টি সামনে আসে এবং প্রশাসকের নির্দেশে ‘ব্যাড ডিমান্ড’ চিহ্নিত করে বিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পুর আধিকারিকদের একাংশের মতে, এই প্রক্রিয়া সম্পন্ন হলে বকেয়া করের অঙ্ক কয়েক হাজার কোটি টাকা কমে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *