৩২ দিন কোমায় থাকার পর ‘মিরাকল’! প্যারা-সুইমিংয়ে বিশ্বসেরা হওয়ার দৌড়ে কীভাবে ছুটছেন তারুণিকা?

জীবনযুদ্ধের কঠিন পথ পেরিয়ে প্যারা-সুইমিংয়ের মঞ্চে সাফল্যের নয়া নজির গড়লেন তারুণিকা ঘোষ। চলতি বছর জাতীয় প্যারা-সুইমিংয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। খাতায়-কলমে বয়স বাইশ হলেও মানসিক বিকাশের দিক থেকে তারুণিকা এখনও অনেকটাই কিশোরী। ব্লাড ক্যান্সার এবং আংশিক দৃষ্টিহীনতার মতো বড় প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আজ তিনি অদম্য জেদ ও লড়াইয়ের প্রতীক।
তারুণিকার এই পথচলা মোটেও সহজ ছিল না। মা সুবর্ণা ঘোষ জানান, মাত্র দেড় বছর বয়সে তারুণিকার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। দু’বছর বয়সে কেমোথেরাপি চলাকালীন স্পাইনাল কর্ডে বিশেষ ইনজেকশন দেওয়ার পর ক্যান্সার কোষ মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এবং ব্যাকটেরিয়াল ম্যানেনজাইটিস হয়। এর জেরে ৩২ দিন কোমায় ছিলেন তিনি। চিকিৎসার কারণে তাঁর প্রায় ৮০ শতাংশ দৃষ্টিশক্তিও চলে যায় এবং শরীর কার্যত চলৎশক্তিহীন হয়ে পড়ে।
পরিস্থিতি ঘুরে দাঁড়ায় এক বিশেষজ্ঞ আত্মীয়ের পরামর্শে পাওয়া ওষুধে, যা মুম্বইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে প্রয়োগ করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পথে দাদা অর্ণভের পিঠে চড়ে সাঁতার কাটতে শুরু করেন তারুণিকা। বিষয়টি নজরে আসে কোচ রাজারাম শাউয়ের। তাঁর উদ্যোগ ও প্রশিক্ষণেই সাঁতারে হাতেখড়ি হয়। ২০২৩ সালে প্রথম প্রতিযোগিতায় নেমেই সোনা ও রুপো জেতেন তিনি। পরের বছর বাঁশির শব্দে দ্রুত সাড়া দেওয়ার অনুশীলন রপ্ত করে গোয়ালিয়রের জাতীয় আসরে রুপো জেতেন।
শরীরের নিম্নাংশের শক্তি বাড়াতে বাবা সঞ্জীভ ঘোষের তত্ত্বাবধানে অ্যাথলেটিক্সেও নামেন তারুণিকা এবং খেলো ইন্ডিয়ায় অংশ নেন। গত বছর হায়দরাবাদে জাতীয় সাঁতারে সোনা জেতেন তিনি। ২০২৫ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে ১৫০০ মিটার হন্টনে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন তারুণিকা। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনের সুযোগ না মেলায় পরিবারের সঙ্গে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে গিয়েও অনুশীলন করেন তিনি। জাতীয় আসরের আগে ফের কলকাতায় ফিরে রাজারাম শাউয়ের কাছে প্রস্তুতি নেন।
বর্তমানে মা সুবর্ণা ঘোষের হাত ধরে অনুশীলনে যান তারুণিকা, আর জিম ও সুইমিং পুলে বিশেষ স্টিকের শব্দের মাধ্যমে তাঁকে নির্দেশ দেন কোচ রাজারাম শাউ। কোচের কথায়, তারুণিকার জেদ অসামান্য, যা মনে করে তা করে দেখানোর ক্ষমতা রাখে সে। অন্যদিকে, তারুণিকার স্পষ্ট স্বপ্ন, দেশের হয়ে অলিম্পিকে অংশ নিয়ে পদক জয় করা। ইতিমধ্যেই তাঁর সাফল্যে অভিনন্দন ও আর্থিক পুরস্কার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা-বাবার মনে শঙ্কা থাকলেও লড়াই থামাতে নারাজ তারুণিকা।