স্পেনের ভবিষ্যৎ কোন দিকে? মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে, রাতেই স্পষ্ট হতে পারে চিত্র

স্পেনের মধ্যবর্তী সাধারণ নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ৪৫.৭১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এই হার ২০২৩ সালের নির্বাচনের ওই একই সময়ের চেয়ে অনেকটাই বেশি। গত বছর জুলাই মাসের সাধারণ নির্বাচনে ঠিক এই সময়ে ভোট পড়েছিল ৪০.৪৮ শতাংশ।
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৬ লক্ষেরও বেশি। বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট সরকারই আবার ক্ষমতায় ফিরবে, নাকি পিপলস পার্টির (পিপি) নেতৃত্বে রক্ষণশীল জোট সরকার গড়বে— তা এই ভোটেই ঠিক হবে। পিপি-কে সমর্থন করতে পারে কট্টর ডানপন্থী দল ভক্স।
স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পরই প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে। আশা করা হচ্ছে, মাঝরাতের আগেই পুরো চিত্রটা স্পষ্ট হয়ে যাবে।
গত মাসে সংসদে আবাসন সমস্যা মেটানোর একটি বিল পেশ করেছিল সানচেজের বামপন্থী সরকার। কিন্তু ডানপন্থী দলগুলির বিরোধিতায় সেটি খারিজ হয়ে যায়। এরপরই মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী। ভোটের আগের জনমত সমীক্ষাগুলো বলছে, আলবার্তো নুনিয়েজ ফেইহোর নেতৃত্বাধীন পিপলস পার্টি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসতে পারে। তবে ৩৫০ আসনের কংগ্রেসে (কংগ্রেস অফ ডেপুটিস) সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭৬টি আসন। তাই সান্তিয়াগো আবাসকালের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ভক্সের সমর্থনের দরকার হতে পারে তাদের।
আবাসন সমস্যা, অভিবাসন নীতি, অর্থনীতি এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখেই এবার ভোট হচ্ছে। যদিও প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন।
এবার ভোটের প্রধান ইস্যু: বাড়ি ভাড়া এবং সম্পত্তির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাই ভোটের প্রচারে আবাসন একটা বড় ইস্যু হয়ে উঠেছে। পাশাপাশি অভিবাসন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়েও বিস্তর চর্চা হচ্ছে।
ইউরোনিউজের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩ কোটি ৮৬ লক্ষ ১৬ হাজার ৯৪৯ জন মানুষ ভোট দেওয়ার যোগ্য। এর মধ্যে ২৬ লক্ষেরও বেশি স্প্যানিশ নাগরিক বিদেশে থাকেন এবং প্রায় ১৬ লক্ষ তরুণ এই প্রথমবার ভোট দিচ্ছেন।
ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে মেটাতে এবং নিরাপত্তা বজায় রাখতে ১ লক্ষেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক।
পুরো ইউরোপীয় ইউনিয়ন স্পেনের এই নির্বাচনের দিকে নজর রাখছে। কারণ স্পেন হল ইউরোপের সেই বড় দেশগুলির অন্যতম, যেখানে এখনও মধ্য-বামপন্থীরা ক্ষমতায় রয়েছে। এই ভোটের ফলাফলই স্পেনের ভবিষ্যৎ রাজনীতি ঠিক করে দেবে। কোনও দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে সরকার গড়ার ক্ষেত্রে জোটের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
- Rick Sarkar
- দুই-তৃতীয়াংশ সমর্থন প্রায় নিশ্চিত! বাদল অধিবেশনের আগে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী November 29, 2026
- শীতে জমজমাট পুরুলিয়া! পর্যটকদের নিরাপত্তায় ১০ দফা নির্দেশিকা জারি জেলা পুলিশের November 29, 2026
- স্পেনের ভবিষ্যৎ কোন দিকে? মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে, রাতেই স্পষ্ট হতে পারে চিত্র November 29, 2026
- 'মদ্যপান করি না' বলায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল চিরঞ্জীবীকে! ৪৮ বছর আগের অজানা কাহিনি ফাঁস November 29, 2026
- মাত্র ৩ সপ্তাহেই 'ধুরন্ধর ২'-কে টপকে গেল 'রামায়ণ'! ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবির তকমা দখল November 29, 2026