এক ঘরে ১৪ জন থাকতাম, আনন্দে থাকাটাই ছিল একমাত্র লাক্সারি’—ছোটবেলার অজানা কথা শোনালেন অনুপম খের

বলিউডের অন্যতম বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা অনুপম খের। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে দর্শকের মন জয় করলেও এই জায়গায় পৌঁছানোর পথটা তাঁর কাছে খুব একটা সহজ ছিল না। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় একটি প্যানেল ডিসকাশনের পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লড়াই, শিকড় ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।
সমাজের চাপিয়ে দেওয়া ছকে চলেন না অনুপম
জীবনযাপন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাইরের প্রত্যাশাকে গুরুত্ব দেন না বলে স্পষ্ট জানিয়েছেন অনুপম খের। তাঁর কথায়, “আমি সমাজে থাকি, কিন্তু সমাজ কী ভাবল বা বলল সেই অনুযায়ী আমি আমার জীবনের সিদ্ধান্তগুলো নিই না। সেটা হলে আমি শিমলার বাইরে আসতাম না কখনই। ড্রামা স্কুলে ট্রেনিং নিতাম না বা এই ইন্ডাস্ট্রিতে ৪৩ বছর কাটিয়ে ফেলতাম না।” তিনি জানান, জীবনে হাতেগোনা কয়েকজন মানুষের মতামতই তাঁর কাছে প্রাধান্য পায়।
দাদুর সেই কথা ও দারিদ্র্যের মাঝেও আনন্দ
ছোটবেলার কঠিন দিনের স্মৃতি তুলে ধরে অনুপম বলেন, “আমরা যখন ছোট ছিলাম, একটা ছোট্ট ঘরে আমরা ১৪ জন থাকতাম। আমরা ভীষণই গরিব ছিলাম। কিন্তু হলে কী হবে, ওই ছোট্ট ঘরে আমরা সবাই খুব খুশি ছিলাম।” দারিদ্র্যের মধ্যেও কীভাবে সবাই এত আনন্দে থাকেন, তা নিয়ে দাদুকে প্রশ্ন করেছিলেন তিনি। জবাবে দাদু বলেছিলেন, “যখন তুমি এত গরিব হও, তখন এই আনন্দে থাকাটাই তোমার একমাত্র লাক্সারি।” সেই শিক্ষাই আজীবন তাঁর সঙ্গী হয়ে রয়েছে বলে জানান অভিনেতা।
বাড়ি-বডিগার্ড ছাড়াই স্বাধীন জীবন ও ‘রামায়ণ’-এ জটায়ু
জীবনে অর্থের প্রয়োজনীয়তা স্বীকার করলেও লোভের বশবর্তী না হয়ে নিজেকে সংযত রাখেন বলে জানান অনুপম খের। পছন্দের জায়গায় ভ্রমণ ও ভালো হোটেলে থাকার সুযোগ অর্থের মাধ্যমে তৈরি হলেও স্বাধীনভাবে চলাফেরার স্বার্থেই তিনি কখনও বাড়ি কেনেননি কিংবা বডিগার্ড রাখেননি।
এদিকে, নীতীশ তিওয়ারি পরিচালিত, রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ পার্ট ১ ছবিতে জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনুপম খের। ছবিতে জটায়ু ও রাবণের লড়াইয়ের দৃশ্য ইতিমধ্যেই দর্শকদের মাঝে বেশ চর্চা তৈরি করেছে।