বন্দুক ছেড়ে তাঁত বোনার প্রশিক্ষণ! ছত্তীসগড়ে ২০ লক্ষ টাকার পুরস্কার মাথায় থাকা ৫ নকশালের আত্মসমর্পণ

ছত্তীসগড়ে মাওবাদী দমনে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রবিবার কাঙ্কের পুলিশের কাছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-সহ আত্মসমর্পণ করলেন পাঁচজন নকশালপন্থী। পুলিশ সুপার নিখিল রাখেচার দাবি, আত্মসমর্পণকারী এই পাঁচজনের মাথার মোট পুরস্কারমূল্য ছিল ২০ লক্ষ টাকা। তাঁদের মধ্যে রয়েছেন এক ডিভিশনাল কমান্ডার, এক এরিয়া কমান্ডার এবং তিনজন সাধারণ পার্টি সদস্য।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ডিভিশনাল কমান্ডার চান্দের এবং এরিয়া কমান্ডার মঙ্গলু ও সনকি। বাকি দু’জন সংগঠনের সাধারণ সদস্য। তাঁদের আত্মসমর্পণকে মাওবাদী বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখছে নিরাপত্তা বাহিনী।

বন্দুক ছেড়ে জীবিকার সন্ধানে, পুনর্বাসনে জোর রাজ্যের

শুধু অভিযান চালিয়ে মাওবাদীদের দমন নয়, হিংসার পথ ছেড়ে যাঁরা সমাজের মূলস্রোতে ফিরতে চাইছেন, তাঁদের পুনর্বাসনের উপরেও জোর দিচ্ছে ছত্তীসগড় সরকার। আত্মসমর্পণকারী মাওবাদীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রকল্পের আওতায় প্রাক্তন মাওবাদীদের তাঁত বোনা এবং উইভিং মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাজ্যের গ্রামোদ্যোগ দফতরের উদ্যোগে বিভিন্ন জেলায় চলছে এই প্রশিক্ষণ শিবির। দান্তেওয়াড়ায় বর্তমানে একটি হ্যান্ডলুম প্রশিক্ষণ শিবিরে এক মহিলা-সহ তিনজন আত্মসমর্পণকারী মাওবাদী কাপড় তৈরির কাজ শিখছেন।

মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সরকারের উদ্যোগে বস্তার ডিভিশনের পুনর্বাসন কেন্দ্রগুলিতে এই কর্মসূচি চালু হয়েছে। গ্রামোদ্যোগ সচিব রাজেশ রানা জানিয়েছেন, প্রকল্পের অধীনে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষ হলে প্রত্যেকের বাড়িতে একটি করে তাঁত বসানোর ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা নিজের এলাকায় থেকেই স্থায়ী উপার্জনের পথ খুঁজে নিতে পারেন।

তাঁর বক্তব্য, বস্তার ডিভিশনের পাঁচটি জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। বর্তমানে দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও ও সুকমার বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে প্রশিক্ষণ চলছে।

২০২৫ সালে সংগঠন ছেড়েছেন, এখন কাপড় বোনার প্রশিক্ষণ নিচ্ছেন

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিজাপুরের বাসিন্দা তথা আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদী গাগরি জানিয়েছেন, ২০২৫ সালে তিনি নিষিদ্ধ সংগঠন ছেড়ে বেরিয়ে আসেন। এরপর কাপড় তৈরি এবং তাঁতের মেশিন চালানো শিখতে দান্তেওয়াড়ায় আসেন। প্রশিক্ষণ শেষ হলে নিজের গ্রামে ফিরে গিয়ে কাপড় বোনা ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে চান তিনি।

একই প্রশিক্ষণ শিবিরে রয়েছেন দান্তেওয়াড়ার বাসিন্দা লিঙ্গু কুদামি। ২০২১ সালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। অতীতের কথা স্মরণ করে লিঙ্গু জানান, মাওবাদী সংগঠন ছাড়ার আগে তিনি দলমের জন্য চাল, রেশন, শাকসবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতেন। সংগঠনের সদস্যদের যাতায়াতের সময় প্রয়োজনীয় ব্যবস্থাপনার দায়িত্বও সামলাতে হত তাঁকে। এখন সেই অতীত ছেড়ে নতুন জীবনের পথে এগোতে চান তিনি।

নকশালমুক্ত ভারতের লক্ষ্যে কেন্দ্রের অভিযান

২০১৯ সাল থেকেই মাওবাদী কার্যকলাপ নির্মূলের লক্ষ্যে অভিযান জোরদার করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালে ছত্তীসগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে মাওবাদী বিরোধী অভিযান আরও গতি পায়। প্রতিবেদনে উদ্ধৃত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২৪ জন মাওবাদী নিহত হন। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে প্রায় ৪০০-তে পৌঁছয়। পাশাপাশি, গত এক দশকে ১০ হাজারেরও বেশি সশস্ত্র নকশালপন্থী আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরেছেন বলে দাবি করা হয়েছে।

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী কার্যকলাপ নির্মূল করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সময়সীমা পেরনোর পর কেন্দ্রের তরফে জানানো হয়, মাওবাদী আন্দোলন গত দুই দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে। তবে দেশের কোথাও কোথাও এখনও হিংসার ঘটনা ঘটছে।

মাওবাদী সংগঠনের সাংগঠনিক শক্তি দুর্বল করার পাশাপাশি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের মাধ্যমে তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। ছত্তীসগড়ের এই প্রশিক্ষণ কর্মসূচি সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *