ডিলিমিটেশন বিলে সমর্থন ডিএমকের! সংসদে বাড়ছে শাসক শিবিরের শক্তি?

জল্পনার অবসান ঘটিয়ে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলকে সমর্থন করার কথা জানিয়ে দিল ডিএমকে। শনিবার সকালে দলের সাংসদদের এক বৈঠকে ডিএমকে এই বিলটিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকের পর দলের সাংসদ এ রাজা জানান যে ডিএমকে নতুন এই আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন করবে। দলের আরেক সাংসদ দয়ানিধি মারানও নিশ্চিত করেছেন যে সংসদে এই বিলের পক্ষে ভোট দেবে ডিএমকে।
২২ জন সাংসদবিশিষ্ট দক্ষিণ ভারতের এই দল অতীতে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছিল। তবে এখন তাদের এই অবস্থান পরিবর্তনের ফলে শাসক শিবিরের শক্তি বৃদ্ধি পেল। এই বিল এপ্রিল মাসে সংসদে পেশ হলেও তা পাশ করানো যায়নি। কিন্তু মরিয়া সরকার পক্ষ এবং আগামী সপ্তাহেই এই বিল সংসদে পেশ করার পরিকল্পনা করেছে মোদি সরকার।
কেন্দ্রীয় সরকার এই বিলে সব ক্ষেত্রে আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব যুক্ত করার পরই ডিএমকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। এছাড়া আসন সংখ্যা বাড়ানোর প্রক্রিয়াটি আগামী ২৫ বছরের জন্য স্থগিত রাখার শর্তেও কেন্দ্র সম্মত হয়েছে। ডিএমকে জানিয়েছে যে সংসদে তামিলনাড়ুর ৭.২ শতাংশ আসন বজায় থাকা এবং নতুন বিন্যাসে রাজ্যের আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হওয়া নিয়ে তাদের কোনো আপত্তি নেই।
শুক্রবার ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন আসন পুনর্বিন্যাস নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে জনসংখ্যাভিত্তিক এই প্রক্রিয়ার বিপদ সম্পর্কে তিনিই প্রথম সতর্ক করেছিলেন, এমনকি অন্যান্য ক্ষতিগ্রস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রতিনিধিদের চেন্নাইতে একত্রিত করে একটি অভিন্ন মঞ্চও গড়ে তুলেছিলেন। স্ট্যালিন জোর দিয়ে বলেছিলেন যে তামিলনাড়ুর স্বার্থই তাদের কাছে অগ্রাধিকার পাবে। তিনি দাবি জানিয়েছিলেন যে লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব যেন অক্ষুণ্ণ থাকে এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলোর মধ্যে আসন বণ্টনের বিষয়টি আরও ২৫ বছরের জন্য অপরিবর্তিত রাখা হয়। এক্স পোস্টে স্ট্যালিন বলেছিলেন যে তাঁদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং কোনো ধরনের আপসের প্রশ্নই ওঠে না।
ডিএমকে সূত্রের ইঙ্গিত অনুযায়ী, দলের মূল উদ্বেগ সংসদের মোট আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে নয়, বরং এই প্রক্রিয়ায় তামিলনাড়ুর আপেক্ষিক রাজনৈতিক প্রতিনিধিত্ব যেন কোনোভাবেই কমে না যায় তা নিশ্চিত করা নিয়ে। দলের এক শীর্ষস্থানীয় সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে যে তাঁরা বড় সংসদ চান না, তবে আসন সংখ্যা বাড়াতেই হলে অন্তত তাঁদের আনুপাতিক প্রতিনিধিত্ব যেন বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ডিএমকে তাদের অবস্থান বদলেছে—এমন অভিযোগও দলটি উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, একটি সুষ্ঠু সীমানা পুনর্নির্ধারণ সবসময়ই তাদের দাবি ছিল।