বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক! ভদোদরায় ধৃত নিখোঁজ যুবক, হেফাজতে বাবাও

ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে, এই অভিযোগে থানায় গিয়ে মিসিং ডায়েরি দায়ের করেছিলেন বাবা। কিন্তু পরদিনই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বায়ুসেনার ঘাঁটিতে হামলার পরিকল্পনা করার অভিযোগে গুজরাটের ভদোদরা থেকে গ্রেপ্তার করা হলো সেই নিখোঁজ যুবককে।
ধৃত যুবকের নাম মহম্মদ সাহারুল ইসলাম। বাইশ বছর বয়সি ওই যুবকের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকায়। এই ঘটনায় এবার তাঁর বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গুজরাটের অ্যান্টি টেররিজম স্কোয়াড বা এটিএস।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সাহারুলের বাবা কবীরুদ্দিন থানায় গিয়ে ছেলের নামে মিসিং ডায়েরি করেন এবং জানান তাঁর বাইশ বছরের ছেলে নিখোঁজ। কিন্তু শুক্রবারই ভদোদরায় বায়ুসেনার ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে সাহারুলকে গ্রেপ্তার করে গুজরাট এটিএস। এর পরই সাহারুলের বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
অসমের রাতাবাড়িতে সাহারুলের বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং বাড়ির বাইরে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গুজরাট এটিএস-এর দাবি, পাকিস্তানের জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের হয়ে হামলার ছক কষছিল সাহারুল। তদন্তকারীদের কাছে সে নাকি জানিয়েছে, তার লক্ষ্য ছিল জান্নাত লাভ করা, আর সেই লক্ষ্যে শহিদ হওয়াকেই একমাত্র পথ বলে মনে করত সে।
তদন্তকারীদের দাবি, গত এক বছরেরও বেশি সময় ধরে জইশের পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিল সাহারুল। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে তদন্তকারী দল। তার মোবাইল ফোন থেকে পাকিস্তানের একটি নম্বর উদ্ধার হয়েছে। পাশাপাশি কীভাবে আগ্নেয়াস্ত্র চালাতে হয়, সেই সংক্রান্ত একটি প্রশিক্ষণ ভিডিও পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
অ্যান্টি টেররিজম স্কোয়াডের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুনীল জোশি জানিয়েছেন, ভদোদরার বায়ুসেনা ঘাঁটিতে পর্যটক সেজে গিয়েছিল সাহারুল। সেখানে ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখে নিজের মোবাইলে ছবি তোলে সে। অভিযোগ, পাকিস্তানের এক হ্যান্ডলারের নির্দেশেই এই রেকি করা হয়েছিল এবং হামলার পর পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। ধৃতের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ২৩টি কার্তুজ, জইশ-ই-মহম্মদের পতাকা, একাধিক মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয়েছে।
এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। সাহারুলকে আগ্নেয়াস্ত্র সরবরাহের পেছনে অন্য কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাহারুল যে মাদ্রাসায় পড়াশোনা করত, সেটিও তদন্তের আওতায় আসতে পারে বলে জানা গিয়েছে। গুজরাট এটিএস এবং অসম পুলিশ যৌথভাবে ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।