পুষ্টিগুণে ভরপুর মাটনের মেটে! ঘরোয়া মশলায় কীভাবে বানাবেন মেটে চচ্চড়ি? জেনে নিন

বাঙালি মাত্রেই সর্বভূক। শাকসবজি ও নিরামিষ পদের পাশাপাশি বাঙালির পাতে মাছ, ডিম আর মাংসের কদর বরাবরই আলাদা। স্বাস্থ্যের কথা ভাবলেও মাটন ছাড়তে পারেন না অনেকেই। আর বাড়িতে মাটন এলে লিভার বা মেটে নিয়ে প্রায়ই পড়ে যায় কাড়াকাড়ি। মাটনের মেটে অনেকেরই অত্যন্ত প্রিয়, উপরন্তু এতে রয়েছে নানা পুষ্টিগুণ। পরিমিত পরিমাণে খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগায় এই পদ। ঘরোয়া মশলায় কীভাবে তৈরি করবেন সুস্বাদু মেটে চচ্চড়ি, রইল তার সহজ রেসিপি।
মেটে চচ্চড়ি তৈরি করতে প্রয়োজন মাটনের মেটে, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, হলুদ গুঁড়ো এবং লেবুর রস। রান্নার স্বাদ বাড়াতে সামান্য চিনি, নুন, সর্ষের তেল এবং গরম জলও হাতের কাছে রাখা যেতে পারে।
প্রস্তুত প্রণালী বেশ সহজ। প্রথমেই মাটনের মেটেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিন। এতে মেটের নিজস্ব গন্ধ ও স্বাদের ভারসাম্য ঠিক থাকে।
এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে সামান্য চিনি এবং তেজপাতা ফোড়ন দিন। চিনির রং বদলাতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর একে একে আদা ও রসুন বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে ম্যারিনেট করা মেটেগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ক্রমাগত কষাতে থাকুন, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপর পরিমাণমতো সামান্য গরম জল দিয়ে কড়াই ঢেকে দিন এবং মেটে সেদ্ধ হতে দিন।
মেটে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং গ্রেভি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু মেটে চচ্চড়ি।