“দার্জিলিঙে ৬.২, বর্ধমানে ১৪.৬”-বঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত কি শীতের আমেজ নষ্ট করবে?

উত্তুরে হাওয়ার প্রভাবে নভেম্বরের শেষলগ্নে রাজ্যে হালকা শীতের আমেজ উপভোগ করছেন বাসিন্দারা। দার্জিলিঙে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ ১২.১ ডিগ্রি এবং বর্ধমানে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অন্যদিকে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী দিনগুলোতে ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

জেলায় জেলায় শীতের আমেজ গত তিন দিন ধরে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। ভোরের দিকে আকাশে কুয়াশার চাদর দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কোথায় কত তাপমাত্রা? রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদের ছবিটা এমন—দমদমে ১৮.৬ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৮ ডিগ্রি, মেদিনীপুরে ১৬.২ ডিগ্রি, দিঘায় ১৫ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপমাত্রা ১৫ ডিগ্রি; বহরমপুরে ১৬.৫, কলাইকুণ্ডায় ১৬.৬, বর্ধমানে ১৪.৬ এবং পানাগড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৫.১, সিউড়িতে ১৬ ও কল্যাণীতে ১৫.৫ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে ৬.২, কোচবিহারে ১২.১, জলপাইগুড়িতে ১৪.৭, আলিপুরদুয়ারে ১৩ এবং বাগডোগরায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঘূর্ণাবর্তের কী প্রভাব? বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় জোড়া ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর সরাসরি বড় প্রভাব রাজ্যে না পড়লেও শীতের আমেজে সাময়িক ভাটা পড়তে পারে। আগামী দুই দিনে বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

জাঁকিয়ে শীত ফের কবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোনোর পর রাতের তাপমাত্রা ফের নামতে শুরু করতে পারে। ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *