পুলিশের গুলিতে আহত প্রতাপ, ‘আত্মসমর্পণের কথা বলেছিল’—পরিবারের দাবিতে ঘনাচ্ছে রহস্য!

শুক্রবার ভোরে পুলিশের অভিযানে পায়ে গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার হওয়া প্রতাপ দাস বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এর মাঝেই প্রতাপের মা রঞ্জনা দাস ও স্ত্রী নীতু সিং দাবি করেছেন, প্রতাপ পুলিশের কাছে ধরা না দিয়ে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে চেয়েছিল। বৃহস্পতিবার ফোনে পরিবারের সঙ্গে কথা বলে সে এমন ইচ্ছাই প্রকাশ করেছিল বলে দাবি পরিবারের। তবে পরিবারের এই বক্তব্যের সঙ্গে শুক্রবার সকালের ঘটনাক্রমের ফারাক নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

দীর্ঘদিন ধরেই চুরি, ছিনতাই এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে প্রতাপের বিরুদ্ধে। আসানসোলের একটি মদের দোকানে চুরির ঘটনা-সহ নানা মামলায় নাম জড়িয়েছে তার। অভিযোগ, জামিনে মুক্তি পেলেও বারবার অপরাধে জড়িয়ে পড়ত সে। তবে পরিবারের দাবি, সম্প্রতি সে ভালো পথে ফেরার চেষ্টা করছিল।

গত বুধবার একটি সাইবার মামলায় প্রতাপকে ধরতে ইসমাইলের মাদার টেরিজা গলিতে তার বাড়িতে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযোগ, পুলিশ পৌঁছতেই গুলি চালিয়ে চম্পট দেয় প্রতাপ। এরপর বুধ ও বৃহস্পতিবার দফায় দফায় তল্লাশি চালিয়েও তার নাগাল মেলেনি। অবশেষে শুক্রবার সকালে ইসমাইল এলাকায় তার আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাফেরার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের দাবি, এদিনও কয়েক রাউন্ড গুলি চলে এবং দীর্ঘ অভিযানের পর পায়ে গুলি লেগে গ্রেফতার হয় প্রতাপ।

অন্যদিকে, প্রতাপের বাড়িতে গিয়ে ভিন্ন দাবি শুনেছে সংশ্লিষ্ট মহল। মা রঞ্জনা দাস ও স্ত্রী নীতু সিংয়ের দাবি, বৃহস্পতিবার রাতে পুলিশের মাধ্যমে তাঁদের ফোনে প্রতাপের সঙ্গে কথা হয়। তখনই প্রতাপ জানায়, সে পুলিশের কাছে ধরা দেবে না, সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে চায়।

রঞ্জনা দাসের অভিযোগ, বারবার মামলা দিয়ে তাঁর ছেলেকে অপরাধী বানানো হয়েছে এবং সে বদলানোর চেষ্টা করছিল। ছেলের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাসপাতালে যেতে চাওয়ার কথাও জানান তিনি। একই সুরে স্ত্রী নীতু সিং জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বোনের ফোনে মেসেজ পাঠিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিল প্রতাপ এবং আদালতে আত্মসমর্পণের কথা বলেছিল। তাঁদের আরও অভিযোগ, ফোনগুলো পুলিশ নিয়ে নিয়েছিল এবং বর্তমানে তাঁদের বাড়িতে আটকে রেখে হাসপাতালে স্বামীকে দেখতে যেতে দেওয়া হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *