১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে! ঋতব্রতের পদ খারিজের পর রাজনৈতিক সমীকরণে নতুন মোড়

বিধানসভার বিরোধী দলনেতা পদ খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের পর সামাজিক মাধ্যমে নিজের গ্রুপের নাম বদলে ফেললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগে গ্রুপটির নাম ছিল ‘এলওপি’ (LOP); রায়ের পর তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘ডিটিএমসি’ (DTMC)। অর্থাৎ ‘লিডার অফ অপোজিশন’ থেকে সরে এসে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’-এর ইঙ্গিতই তিনি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দেয়। নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়েছিলেন। উচ্চ আদালতের এই রায়ে আগামী ১০ দিন রাজ্যে বিরোধী দলনেতার পদ শূন্য থাকছে এবং বিরোধী দলের মুখ্যসচেতক হিসেবে আখরুজ্জামানকে নির্বাচনের সিদ্ধান্তও বাতিল হয়েছে।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছিল; গত শনিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাও, যা শুক্রবার দুপুর ৩টেয় ঘোষণা করা হয়।

শোভনদেব ও শুভেন্দুর প্রতিক্রিয়া এই রায় প্রসঙ্গে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, যা হয়েছে তা হওয়া উচিত হয়নি। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল এবং সেখানে ঋতব্রত শিবিরের সদস্যরাও ছিলেন; রাজ্যের শাসকদলের নির্দেশেই এমনটা ঘটেছে বলে অভিযোগ তোলেন তিনি।

অন্যদিকে, কালীঘাট শিবিরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বর্তমানে দুটি তৃণমূল রয়েছে এবং তাঁর জানা অনুযায়ী গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ঋতব্রতদের শিবিরেই বিধায়কের সংখ্যা বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *