ওভেন বা মাখন ছাড়াই মাত্র ৩ উপকরণে নরম চকলেট কেক, চমকে দেওয়ার মতো সহজ রেসিপি!

হঠাৎ কেক খেতে ইচ্ছে করছে, কিন্তু রান্নাঘরে কেক বানানোর সব উপকরণ নেই? এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। হাতের কাছে থাকা মাত্র তিনটি সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে ফেলা যায় নরম ও সুস্বাদু চকলেট কেক। এই কেক বানাতে ওভেন, বেকিং পাউডার কিংবা মাখনের মতো কোনো কিছুরই প্রয়োজন হবে না। অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় বলে বিকেলের নাশতা বা স্কুলের টিফিনের জন্য এটি দারুণ একটি পদ হতে পারে।

যা যা লাগবে

  • চকলেট বিস্কুট প্রায় ২০০ গ্রাম

  • তরল দুধ ১ কাপ

  • ইনো ফ্রুট সল্ট ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন প্রথমে চকলেট বিস্কুটগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে মিহি গুঁড়া তৈরি করে নিন। ঘরে ব্লেন্ডার না থাকলে পরিষ্কার পলিথিনের ভেতর বিস্কুট ভরে বেলনা দিয়ে চেপে গুঁড়া করা যেতে পারে।

একটি বড় বাটিতে বিস্কুটের গুঁড়া নিয়ে তাতে অল্প অল্প করে তরল দুধ মেশান। এবার ভালোভাবে ফেটিয়ে নিন, যেন মিশ্রণে কোনো দলা না থাকে। ব্যাটারের ঘনত্ব খুব বেশি পাতলা বা অতিরিক্ত ঘন হবে না, বরং সাধারণ কেকের ব্যাটারের মতো রাখতে হবে।

এবার এই মিশ্রণে এক চা চামচ ইনো দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নিন। ইনো মেশানোর পর ব্যাটার বেশিক্ষণ বাইরে ফেলে রাখা উচিত নয়।

যে পাত্রে কেক বসাবেন, তাতে সামান্য তেল ব্রাশ বা মাখিয়ে নিন। সুবিধার জন্য বাটির তলায় বাটার পেপারও বিছিয়ে দেওয়া যায়। এরপর তৈরি ব্যাটার পাত্রে ঢেলে দিন।

একটি গভীর কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট গরম করুন। কড়াই গরম হলে কেকের বাটিটি স্ট্যান্ডের ওপর বসিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। একদম কম আঁচে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন। কেক হয়েছে কি না তা বুঝতে মাঝখানে একটি টুথপিক ঢুকিয়ে দেখুন। টুথপিক পরিষ্কার এলে বুঝবেন কেক তৈরি। ঠান্ডা হওয়ার পর পাত্র থেকে বের করে পরিবেশন করুন।

কেকটিকে আরও আকর্ষণীয় করতে চাইলে ওপরে ক্রিম দিয়ে সাজাতে পারেন। তবে ঝটপট চকলেট কেকের স্বাদ নিতে চাইলে আলাদা কিছু ছাড়াই খাওয়া যায়।

কয়েকটি দরকারি কথা স্বাদ আরও বাড়াতে চাইলে কেকের ওপরে গলানো চকলেট বা চকলেট চিপস ছড়িয়ে দেওয়া যায়, যদিও এটি পুরোপুরি ঐচ্ছিক। খেয়াল রাখবেন, ইনো মেশানোর পর ব্যাটার খুব বেশি নাড়বেন না। এতে কেকের ভেতরের অংশ নরম ও তুলতুলে থাকতে সাহায্য করে। সব মিলিয়ে মাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যায় ঘরোয়া চকলেট কেক, যা এক কাপ গরম চায়ের সঙ্গে দারুণ জমে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *