জাতীয় সড়কের তালিকা পেশ মুখ্যমন্ত্রীর, কলকাতা-বনগাঁ ও কাকদ্বীপ-গঙ্গাসাগর সড়ক সম্প্রসারণ-সহ একাধিক প্রকল্পের আর্জি

আগামী দিনে সড়কপথ ও জলপথের পাশাপাশি আকাশপথেও জুড়ে যাবে দক্ষিণেশ্বর ও বেলুড়মঠ। রাজ্যের দুই গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ীর সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিপিআর অর্থাৎ বিশদ প্রকল্প প্রতিবেদন ও মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে আকাশপথে বেলুড়মঠ ও দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করা যাবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, “কার্শিয়াং-দার্জিলিং তো আগেই রোপওয়ের মাধ্যমে জুড়ছে। বেলুড়মঠ ও দক্ষিণেশ্বরের রোপওয়ের বিষয়ে সাত দিন হল ডিপিআর ও ম্যাপ রেডি হয়েছে।” নীতিন গডকড়ীর ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, রাজ্যকে দুই হাত খুলে সাহায্য করছেন। জমি সংক্রান্ত কিছু জট ছিল। সেগুলি কাটবে। রাজ্যকে ১০ হাজার বৈদ্যুতিন গাড়ি কেন্দ্রীয় সরকার দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জাতীয় সড়কের তালিকা পেশ
রাজ্যের সড়ক প্রকল্প সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, কয়েকটি রাজ্য সড়ককে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখে অনুরোধ জানাবেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, “গত ১৫ বছর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনও সম্পর্ক রাখেনি। প্রয়োজনীয় কোঅর্ডিনেশন ছিল না। স্বাভাবিকভাবে আমরা বঞ্চিত হয়েছি।”
কেন্দ্রের সঙ্গে সমন্বয় ফিরে আসার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কেন্দ্র আগেই আশ্বাস দিয়েছিল, রাজ্য জমির ব্যবস্থা করলে ১ লক্ষ কোটি টাকার প্রকল্প মঞ্জুর করা হবে। সেই সূত্রেই তিনি দক্ষিণ ও পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু প্রকল্পের তালিকা পেশ করেন। তাঁর অনুরোধের তালিকায় রয়েছে ৭৫ কিলোমিটার কলকাতা-বনগাঁ জাতীয় সড়কের সম্প্রসারণ, ফলতা-বাগনান সংযোগকারী সেতু নির্মাণ, কাকদ্বীপ-গঙ্গাসাগর জাতীয় সড়কের সম্প্রসারণ এবং জোকা-নামখানা ও নন্দকুমার-দিঘা রুটে চার লেনের রাস্তা।
সুন্দরবন অঞ্চলের উন্নয়নে জোর
সুন্দরবন অঞ্চলের উন্নয়নেও জোর দেন শুভেন্দু। তিনি জানান, সুন্দরবনে বেশ কয়েকটি সেতু এখনও তৈরি হয়নি এবং গোসাবা-বনগাঁ জাতীয় সড়কের কাজও হাতে নেওয়া দরকার। পর্যটনে গতি আনতে জামশেদপুর-পানাগড় সড়ক করিডর নিয়েও আর্জি জানান তিনি। বলেন, এই প্রকল্পের জন্য মানুষ অপেক্ষা করে আছেন, এতে বেশ কিছু পর্যটনকেন্দ্রের সঙ্গে যোগাযোগও উন্নত হবে। পাশাপাশি জানান, বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে দুর্গাপুরের সঙ্গে যুক্ত হবে।
এই সব প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি দিতে রাজ্য সরকার প্রস্তুত বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সুন্দরবনে সড়ক ও সেতুর যোগাযোগ ভালো হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ও সরাসরি উপকৃত হবেন। মৎস্যজীবীদের কল্যাণে প্রধানমন্ত্রী একাধিক উদ্যোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণেশ্বর-বেলুড়মঠ রোপওয়ে প্রকল্প পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রোপওয়ে চালু হলে দুই তীর্থক্ষেত্রের মধ্যে যাতায়াত সহজ হবে এবং পর্যটকদের সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে।
- Pratik Saha
- নিজের অ্যাকাউন্ট এড়িয়ে ঘুরপথে বিপুল সম্পত্তির পাহাড়! বালিপাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, তলব হতে পারেন ঘনিষ্ঠরা November 27, 2026
- ৬০ পেরোলেই হাতখরচ বা সংসারের বাড়তি খরচের চিন্তা শেষ! অটল পেনশন যোজনায় মাসে ৫,০০০ টাকা পেনশন পেতে কত টাকা খরচ হবে? November 27, 2026
- এক পরিবারের সর্বাধিক দু'জন সদস্য সুবিধা পাবেন, স্থায়ী চাকরিজীবী বা আয়কর প্রদানকারী পরিবার ও অন্য সরকারি ভাতা গ্রহীতারা এই প্রকল্পের আওতায় আসবেন না November 27, 2026
- ডিলিমিটেশন বিল ও মহিলা সংরক্ষণ বাস্তবায়ন একসঙ্গে জড়িত, অখিলেশ যাদবের সমর্থন নিয়ে তীব্র জল্পনা—উত্তরপ্রদেশ নির্বাচনের প্রভাব নিয়ে ধর্মসংকটে সপা November 27, 2026
- শুধু 'অ্যাডেড' নয়, মোট চিনি ও স্যাচুরেটেড ফ্যাট বিবেচনা করতে হবে—চার মাসের মধ্যে খসড়া বিধি চূড়ান্ত করার নির্দেশ এফএসএসএআই-কে November 27, 2026