নিজের অ্যাকাউন্ট এড়িয়ে ঘুরপথে বিপুল সম্পত্তির পাহাড়! বালিপাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, তলব হতে পারেন ঘনিষ্ঠরা

বালিপাচার-কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। তদন্তকারীদের দাবি, অবৈধ বালি কারবার থেকে উপার্জিত কালো টাকা আড়াল করতে সুপরিকল্পিত জাল বিছিয়েছিলেন অভিযুক্ত টুলু মণ্ডল। আইনি নজরদারি এড়াতে শুধু নিজের নামেই নয়, একাধিক নিকটাত্মীয় এবং ব্যক্তিগত গাড়িচালকের নামেও বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

ঘুরপথে টাকা ও সম্পত্তি কেনার ছক

সিআইডি সূত্রে জানা গিয়েছে, পাচারের মোটা অঙ্কের টাকা সরাসরি টুলু মণ্ডলের অ্যাকাউন্টে না ঢুকে ঘুরপথে পৌঁছত তাঁর আত্মীয়স্বজন এবং ব্যক্তিগত গাড়িচালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই অর্থ ব্যবহার করেই রাজ্যের বিভিন্ন জায়গায় জমি, ফ্ল্যাট-সহ নানা সম্পত্তি কেনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে। সাধারণ গাড়িচালক ও আত্মীয়দের নামে এত বিপুল সম্পত্তির খোঁজ মিলতেই গোয়েন্দাদের সন্দেহ আরও জোরালো হয়।

তালিকা তৈরি, তলব করা হতে পারে ঘনিষ্ঠদের

বেনামি সম্পত্তির সূত্র ধরে ইতিমধ্যেই টুলু মণ্ডলের আত্মীয় ও ঘনিষ্ঠদের নামের একটি দীর্ঘ তালিকা তৈরি করেছেন ভবানী ভবনের গোয়েন্দারা। তদন্তের স্বার্থে তাঁদের ডাকা হতে পারে এবং আয়ের উৎস ও সম্পত্তি কেনার নথিপত্র খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রয়োজনে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারেন গোয়েন্দারা।

প্রভাবশালী ব্যবসায়ীদের অ্যাকাউন্টেও লেনদেন

এই তদন্তে প্রভাবশালী যোগের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের দাবি, টুলু মণ্ডলের বেআইনি আর্থিক লেনদেনের একটি বড় অংশ সরাসরি পৌঁছেছিল রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওই ব্যবসায়ীদের সঙ্গে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। ফলে এই চক্রের শিকড় কতদূর ছড়ানো এবং অবৈধ লেনদেনের টাকা কাদের কাছে পৌঁছেছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সিআইডি-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আর্থিক লেনদেনের প্রতিটি সূত্র ধরে এগোচ্ছে তদন্ত। যে ব্যবসায়ীদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, তাঁদের লেনদেনের নথি সংগ্রহ করা হচ্ছে। তদন্ত এগোলে আগামিদিনে আরও বড় নাম সামনে আসতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *