আগরতলার ৫১ ওয়ার্ড-সহ ১৬ পুরসংস্থায় কাল ভোট! কড়া নিরাপত্তায় প্রস্তুত নির্বাচন কমিশন

আগামীকাল ২৭ নভেম্বর ত্রিপুরা রাজ্যের ১৬টি পুরসভা, নগর পঞ্চায়েত এবং আগরতলা পুরনিগম এলাকায় (যার মধ্যে আগরতলার ৫১টি ওয়ার্ড রয়েছে) নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পি কে চক্রবর্তী। বৃহস্পতিবার মহাকরণে নির্বাচন কমিশনের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল অফিসার, জেলা শাসক ও কালেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের নিয়ে প্রস্তুতির সার্বিক তদারকি ও ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে মোট ৭০৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ভোটার সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭৬ হাজার ৬৩০ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৪ জন। বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মাঠে রয়েছেন একাধিক প্রার্থী। ইতিমধ্যে বৃহস্পতিবার ভোটকর্মীরা বিভিন্ন ইভিএম সেন্টার থেকে ইভিএমসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় ৭ হাজার ত্রিপুরা পুলিশ ও টিএসআর কর্মীর পাশাপাশি ৩ হাজার সিএপিএফ জওয়ান এবং মোট ৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন। পাশাপাশি গঠন করা হয়েছে ১৬টি মহিলা পরিচালিত পোলিং টিম—যার মধ্যে খোয়াই জেলায় ৭টি, ঊনকোটি জেলায় ৩টি, ধলাই জেলায় ১টি, উত্তর ত্রিপুরা জেলায় ৪টি এবং গোমতী জেলায় ১টি টিম রয়েছে।
আগামীকাল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর পি কে চক্রবর্তী। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে এবং কোনো জমায়েত বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সে বিষয়ে জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন তিনি।