কামড়ে হাসপাতালে ভর্তি পর্যটকরাও, তাজমহল চত্বরে বাদরের দৌরাত্ম্য কমাতে কেন ব্যর্থ প্রশাসন?

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজমহল চত্বরে বাদরের উপদ্রবে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেশি ও বিদেশি পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি ভারতের ঐতিহ্যবাহী এই সৌধের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়েও উঠতে শুরু করেছে বড়সড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে তাজমহল চত্বরে বাদরের বিশাল দলের অবাধ বিচরণ ধরা পড়েছে, যা পর্যটকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

রিপোর্ট অনুযায়ী, তাজমহলের পূর্ব, পশ্চিম এবং রয়্যাল গেট সংলগ্ন এলাকায় বাদরের দল রীতিমতো ঘাঁটি গেড়েছে। এর ফলে পর্যটকদের ওপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে; অতীতে দেশীয় ও বিদেশি, উভয় পর্যটকই বাদরের আক্রমণের শিকার হয়েছেন। কিছুদিন আগে তাজমহল চত্বরের একটি ফোয়ারার জলে বাদরদের লাফাতে, জল ছোঁড়াছুঁড়ি করতে এবং ছুটোছুটি করতে দেখা যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

তাজমহল কমপ্লেক্স ও তার আশপাশের এলাকায় বাদরের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে। বাদর ধরতে বা তাড়াতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার পদক্ষেপের দাবি করা হলেও বাস্তবে পরিস্থিতির কোনো বদল হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের অভাব এই সমস্যার সমাধানে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

গত সেপ্টেম্বরেও তাজমহল ভ্রমণের সময় বাদরের কামড়ে দু’জন পর্যটককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাঁদের মধ্যে একজন ব্রাজিলের ৮৩ বছর বয়সী পর্যটক এবং অপরজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। বারবার এমন ঘটনা ঘটায় পর্যটকদের নিরাপত্তা ও তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *