লোকসভায় ১৩১তম সংশোধনী বিল ব্যর্থ হওয়ার পর কড়া বার্তা: নারীশক্তিকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

সংবিধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশের সংবিধান প্রণয়নে মহিলাদের অবদান স্মরণ করিয়ে দিয়ে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্বের দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে মহিলাদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আনা বিল আটকে দেওয়ার অভিযোগে বিরোধী দলগুলিকে নিশানা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান গঠনে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই মহিলাদের অবদানকে স্বীকৃতি না দিলে ভারতের সাংবিধানিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। চলতি বছরের গোড়ায় সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আনা বিল পাশ না হওয়াকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি। মোদির কথায়, বিরোধীরা এর মাধ্যমে আরও একবার সাংবিধানিক মূল্যবোধের প্রতি অবজ্ঞার পরিচয় দিয়েছে। তবে দেশের নারীশক্তিকে আশ্বস্ত করে তিনি জানান, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

লোকসভায় ব্যর্থ ১৩১তম সংবিধান সংশোধনী বিল প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষাপটে রয়েছে গত ১৭ এপ্রিল লোকসভায় সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬-এর পরাজয়। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ চালুর লক্ষ্যে বিলটি আনা হয়েছিল। ভোটাভুটিতে পক্ষে ২৯৮টি ও বিপক্ষে ২৩০টি ভোট পড়লেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় তা পাশ হয়নি। ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর লোকসভায় কোনও সংবিধান সংশোধনী বিল পাশ হতে না পারার এটিই প্রথম ঘটনা।

লোকসভার আসন বৃদ্ধি ও ডিলিমিটেশন বিতর্ক প্রস্তাবিত বিলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার পাশাপাশি নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের কথা বলা হয়েছিল। সংরক্ষণ কার্যকর করতে এই বদলগুলি জরুরি বলে দাবি করেছিল কেন্দ্র। অন্যদিকে কংগ্রেসসহ বিরোধী দলগুলি জানায়, তারা ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের বিরোধী নয়, কিন্তু ডিলিমিটেশনের সঙ্গে সংরক্ষণকে যুক্ত করার বিরোধিতা করছে। বিরোধীদের আশঙ্কা, ডিলিমিটেশনে রাজ্যের রাজনৈতিক ভারসাম্য বদলাতে পারে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমতে পারে। যদিও কেন্দ্র এই আশঙ্কা খারিজ করেছে।

২০২৩ সালের আইনের সংশোধনের উদ্যোগ ২০২৬ সালের বিলটি মূলত ২০২৩ সালের সংবিধানের ১০৬তম সংশোধনী বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর কাঠামো বদলের জন্য আনা হয়েছিল। ২০২৩ সালের আইনে এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা থাকলেও তা জনগণনা ও নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত ছিল। ২০২৬ সালের সংশোধনী বিল পাশ না হওয়ায় ডিলিমিটেশন ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইন বদল সংক্রান্ত আরও দুটি প্রস্তাবিত বিল নিয়ে কেন্দ্র আর এগোয়নি বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *