কফিতে কমছে হার্টের ছন্দের ঝুঁকি! নতুন গবেষণায় চমকে দেওয়া তথ্য

দীর্ঘদিন ধরে ধারণা করা হতো, কফি পান করলে হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দে সমস্যা হতে পারে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি পান করলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দনের ঝুঁকি কমতে পারে।
ফুড অ্যান্ড নিউট্রিশন রিসার্চ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি পান করলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ঝুঁকি ১১ শতাংশ কম হতে পারে। যুক্তরাজ্যের প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গড়ে ১৩ বছর ধরে গবেষণাটি চালানো হয়।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আধা থেকে এক কাপ কফি পানকারীদের ঝুঁকি ৭ শতাংশ এবং চার বা তার বেশি কাপ পানকারীদের ঝুঁকি ৯ শতাংশ কম। তবে দুই থেকে তিন কাপ কফি পানকারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারের সম্পর্ক পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কলেজ অব পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক লরি রাইট বলেন, গবেষণাটি কফি পান হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দের জন্য ক্ষতিকর, এমন দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। তবে বেশি কফি পান করলেই বেশি উপকার পাওয়া যায় না।
গবেষণায় চা পানের সঙ্গেও অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। প্রতিদিন দুই থেকে তিন কাপ চা পান করলে এ ঝুঁকি ৫ শতাংশ কম হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক মার্শাল রানজ বলেন, এটি পর্যবেক্ষণমূলক গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল নয়। তাই কফি পান করলেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ঝুঁকি কমে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
তিনি বলেন, এ ধরনের গবেষণায় অনেক মানুষের গড় তথ্য বিশ্লেষণ করা হয়। কিন্তু সবার শারীরিক অবস্থা এক নয়। এ রোগের ঝুঁকি নির্ধারণে বয়সসহ অন্যান্য বিষয়ও বিবেচনা করা জরুরি। বিশেষ করে ৭৫ বছর বয়সের পর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ঝুঁকি দ্রুত বাড়ে।
গবেষণাটির আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। বয়স ও লিঙ্গের প্রভাব সমন্বয়ের আগে কফি পানকারী ও পান করেন না এমন ব্যক্তিদের মধ্যে ঝুঁকির উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। এ ছাড়া গবেষণায় অংশগ্রহণকারীদের নিজেদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোগ শনাক্ত করা হয়েছে। ফলে রোগে আক্রান্ত হলেও কেউ কেউ তা জানতেন না, এমন সম্ভাবনা রয়েছে।
গবেষকেরা ক্যাফেইনযুক্ত ও ক্যাফেইনমুক্ত কফির মধ্যে পার্থক্য করেননি। কফিতে ক্যাফেইনের পরিমাণ কিংবা কাপের আকারও বিবেচনায় নেওয়া হয়নি।
তাই গবেষণার ফলাফলকে শুধু ক্যাফেইনের প্রভাব হিসেবে দেখা যাবে না বলে জানান লরি রাইট। তার মতে, কফিতে পলিফেনলসহ শত শত সক্রিয় উপাদান রয়েছে। এসব উপাদান শরীরের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখতে পারে।
মার্শাল রানজের মতে, কফি হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দের জন্য ক্ষতিকর, এমন পুরোনো ধারণা এখন অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অনুযায়ী, পরিমিত কফি ও ক্যাফেইন গ্রহণের সঙ্গে করোনারি হৃদরোগ, স্ট্রোক, হার্ট ফেইলিউর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত্রের ছন্দে অস্বাভাবিকতার ঝুঁকি বাড়ার সম্পর্ক নেই। নিয়মিত ক্যাফেইন গ্রহণ বন্ধ করলেও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্রতিরোধ করা যায় না। তবে ক্যাফেইন গ্রহণের পর কারও উপসর্গ দেখা দিলে বা বেড়ে গেলে তা কমানো উপকারী হতে পারে।
লরি রাইট বলেন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ভয়ে সুস্থ প্রাপ্তবয়স্কদের পরিমিত কফি পান বন্ধ করার প্রয়োজন নেই। তবে যারা কফি পান করেন না, তাদের শুধু এ রোগ প্রতিরোধের জন্য প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি পান শুরু করার পরামর্শ দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ নেই।
ক্যাফেইনের প্রতি সবার শরীরের প্রতিক্রিয়া এক নয়। কফি পানের পর কারও বুক ধড়ফড়, অস্থিরতা, উদ্বেগ বা ঘুমের সমস্যা হতে পারে। বিশেষ করে বেশি কফি পান করলে এসব উপসর্গ দেখা দিতে পারে।
রাইটের মতে, বেশির ভাগ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন ৪০০ মিলিগ্রামের কম ক্যাফেইন গ্রহণ সাধারণত নিরাপদ। তবে কফির ধরন ও প্রস্তুতপ্রণালির ওপর ক্যাফেইনের পরিমাণ নির্ভর করে।
তিনি বলেন, হৃদযন্ত্রের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে কফি। তবে কতটুকু কফি পান করছেন, তাতে কী মেশাচ্ছেন এবং শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা বিবেচনায় রাখা জরুরি।